২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজে শট খেলে আউট হয়েছি’

অভিষেক টেস্টে সম্ভাবনাময় একটা ইনিংস খেলেও বাজেভাবে আউট হয়ে যাওয়ায় প্রচণ্ড হতাশ সৌম্য সরকার। ক্যারিয়ারে প্রথম টেস্ট ইনিংসের এমন সমাপ্তি কিছুতেই মানতে পারছেন না এই তরুণ। উইকেটে থিতু হয়ে ফিরে যাওয়ায় নিজেকেই দুষলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 09:03 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

দিনের শুরুতে সাকিব আল হাসানের বিদায়ের পর ক্রিজে আসেন সৌম্য। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল বলে জানান তিনি। হঠাৎ করেই নাকি মনে হয়, আজ তার অভিষেক! প্রথম বলটিতে বেশ স্নায়ুচাপে ভুগছিলেন তিনি। পরের বলেও একটু চাপ ছিল, তবে এরপর সব কিছুই সহজ হয়ে যায়। 
 
আগের দিন আঁটসাঁট বোলিং করা পাকিস্তানের বোলাররা বুধবারও খুব একটা বাজে বল দেননি। যেগুলো দিচ্ছিলেন, সেগুলো সীমানা ছাড়া করতে ভুল করেননি সৌম্য। মুশফিকুর রহিমের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে দলের সংগ্রহ তিনশ’ পার করে আরও বড় কিছুর আশা দেখিয়েছিলেন তিনি।
 
স্বপ্ন ভাঙার শুরুটা সৌম্যর এক ভুল দিয়ে। মোহাম্মদ হাফিজের বল উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে ঠিকভাবে খেলতে পারেননি। অনেক ওপরে উঠে যাওয়া বল তালুবন্দি করতে কোনো ভুল করেননি আসাদ শফিক। 
 
“আমার ওই সময় ওই শট খেলা উচিত হয়নি। আউট হওয়ার পর আমারও মনে হয়েছে, বাজে খেলে আউট হয়েছি। মনে হয়েছে, এই শট না খেললেও পারতাম।”
 
সামনের দিনগুলোয় অভিষেক ইনিংসের ভুলগুলো না করার প্রতিশ্রুতিও দেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান, “পরে চিন্তা করলাম, প্রথম ম্যাচ যেসব ভুল করেছি, এগুলো যেন পরবর্তীতে না হয়।”
 
৩৩ রান করে সৌম্যর বিদায়ে ভাঙে ১৮.১ স্থায়ী জুটি। সৌম্যর বিদায়ের পর মাত্র ২৭ রান যোগ করেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।   
 
ভালো বোলিংয়ের জন্য পাকিস্তানের বোলারদের প্রশংসা করেন সৌম্য। তবে এই তরুণ মনে করেন, নিজেদের ছোটখাটো ভুলের জন্যই উইকেট ছুড়ে এসেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।