২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটি ভালো সেশনের অপেক্ষায় বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় দিনটি খুব খারাপ কেটেছে বাংলাদেশের। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতা ভুলে তৃতীয় দিন ঘুরে দাঁড়াতে চায় তারা। সৌম্য সরকার মনে করছেন, একটি ভালো সেশনে চালকের আসনে বসতে পারে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 08:45 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে খেলতে নেমে ৩৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে দিন শেষে ১ উইকেটে ২২৭ রান করে পাকিস্তান। 
 
দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসেন অভিষিক্ত সৌম্য। এই তরুণ মনে করেন, বৃহস্পতিবার ভালো বোলিং করতে পারলে ম্যাচে ভালো অবস্থানে ফিরবে বাংলাদেশ। 
 
“সবদিক মিলে আমাদের দিনটা আজকে খারাপ গেছে। ব্যাটিংয়ে আমরা ৬ উইকেট নিয়ে খেলতে নেমে সব উইকেট হারিয়েছি। কালকে যে অবস্থায় ছিলাম, দ্বিতীয় দিন শেষে সেখানে আর নেই।” 
 
দ্বিতীয় দিনের ব্যাটিংয়ের সঙ্গে বোলিং ও ফিল্ডিংয়েও নিজেদের পারফরম্যান্সে হতাশ তরুণ সৌম্য। 
 
“বোলিংটাও আমরা ঠিক জায়গায় করতে পারিনি। ফিল্ডিংয়েও কয়েকটা সুযোগ হাতছাড়া করেছি।”
 
১১ ও ২৮ রানে দুইবার আজহার আলিকে জীবন দেন মুশফিকুর রহিম। ৬৫ রানে অপরাজিত থাকা আজহার অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হাফিজের সঙ্গে গড়েছেন ১৭৭ রানের জুটি। 
 
১৩৭ রানে অপরাজিত রয়েছেন হাফিজ। টানা তৃতীয় টেস্টে শতক পাওয়া পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যানের প্রশংসা করলেও নিজেদের বাজে বোলিং-ফিল্ডিংকেই দুষেছেন সৌম্য।
 
“হাফিজ অবশ্যই অনেক ভালো ব্যাটিং করেছে। তবে আমরাও ঠিকভাবে বোলিং করতে পারিনি। এরপরও সুযোগগুলো কাজে লাগাতে পারলে দিনশেষে হয়তো ভালো অবস্থানেই থাকতাম।”
 
দ্বিতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। অতিথিদের এই পারফরম্যান্সেই অনুপ্রেরণা খুঁজছেন সৌম্য।
 
“টেস্ট ক্রিকেট একটা সেশনে পরিবর্তন হয়ে যেতে পারে। তেমন একটা সেশন এলে আমরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাব। আমরা তারই অপেক্ষায় আছি। কালকে (বৃহস্পতিবার) সকালে যদি আমরা প্রথম সেশনে সঠিকভাবে বোলিং করতে পারি, উইকেট নিতে পারি, তাহলে ছন্দটা আমাদের দিকে চলে আসবে।”