আইরিশদের বিপক্ষে ইংল্যান্ড দলে ৬ নতুন মুখ
ওয়েস্ট ইন্ডিজে গত সফরে দলেই ছিলেন না জেমস টেইলর। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী সপ্তাহে একমাত্র ওয়ানডে ম্যাচের জন্য ইংল্যান্ডের এই ব্যাটসম্যানকেই অধিনায়ক করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ১১ সদস্যের দলে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন ৬ ক্রিকেটার।
বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া ওয়েন মরগ্যান আইপিএলে খেলার কারণে এ ম্যাচে থাকছেন না। এ কারণেই এই ম্যাচে দলের নেতৃত্ব পান ১৭টি ওয়ানডে খেলা ২৫ বছর বয়সী টেইলর।
৮ মে ডাবলিনের এই ম্যাচের জন্য ইংল্যান্ডের নির্বাচকরা ঠিক ১১ জনের দলই দেন। দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্যাম বিলিংস, অলরাউন্ডার লুইস গ্রেগরি ও ডেভিড উইলি, বাঁহাতি ব্যাটসম্যান জাফর আনসারি ও টপঅর্ডার ব্যাটসম্যান জেমস ভিন্স।
দলে থাকা আরেক ব্যাটসম্যান জ্যাসন রয়ের মাত্র একটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচের ইংল্যান্ড দল: জেমস টেইলর (অধিনায়ক), জাফর আনসারি, জনি ব্যারিস্টো (উইকেটরক্ষক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), টিম ব্রেসনান, স্টিভেন ফিন, লুইস গ্রেগরি, অ্যালেক্স হেলস, জ্যাসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি।
