২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুল-রাজ্জাকে দক্ষিণাঞ্চলের বড় জয়

এনামুল হকের শতকের পর ঘূর্ণি জাদু দেখান আব্দুর রাজ্জাক। এই দুজনের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে উত্তরাঞ্চলকে হারিয়েছে দক্ষিণাঞ্চল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2015, 05:20 PM

Updated : 25 Apr 2022, 01:17 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শুক্রবার দক্ষিণাঞ্চলের জয়টি ২১৬ রানের।
 
আড়াই সেশনের একটু বেশি সময়ে জয়ের জন্য উত্তরাঞ্চলের সামনে লক্ষ্য ছিল ৩৮৪ রান। কিন্তু রাজ্জাকের ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করে তারা। ১৬৭ রানেই গুটিয়ে যায় উত্তরাঞ্চলের ইনিংস। 
 
স্কোর বোর্ডে কোনো রান জমা পড়ার আগেই আউট হয়ে ফেরেন মাইশুকুর রহমান। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উত্তরাঞ্চল। 
 
উত্তরাঞ্চলের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ৬৫ রান করেন নাঈম ইসলাম। 
 
২৭ ওভার ৩ বলে ৬৯ রান দিয়ে ৬ উইকেট নেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক রাজ্জাক। প্রথম ইনিংসে ৬৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে এক উইকেট পাওয়া সোহাগ গাজী নেন তিন উইকেট।
 
এর আগে ৩ উইকেটে ২৬৬ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। 
 
২ উইকেটে ২১৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণাঞ্চল। এদিন মাত্র ৫ ওভার ব্যাট করে ৫৩ রান তোলে তারা।  
 
আগের দিনের ৯৬ রান নিয়ে ব্যাট করতে নামা এনামুল ১১১ রান করেন। ১৬৫ বলের ইনিংসটি ১৩টি চার ও দুটি ছয়ে সাজান তিনি। চোট কাটিয়ে ফেরা এনামুল প্রথম ইনিংসে ৯৪ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার গেছে তারই অধিকারে।  
 
তৃতীয় দিন দক্ষিণাঞ্চলের দ্রুত রান তোলায় বড় ভূমিকা রাখেন জিয়াউর রহমান। ১২ বলে দুটি চার ও তিনটি ছয়ে ৩০ রান করে অপরাজিত ছিলেন তিনি। তুষার ইমরান অপরাজিত ছিলেন ৫৩ রান করে।