বাংলাদেশ সফরে পাকিস্তান টেস্ট দলে ইমরান খান
সোহেল খানের পিঠের চোট সেরে না ওঠায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে পরিবর্তন আনতে হয়েছে পাকিস্তানকে। দুই টেস্টের সিরিজে সোহেলের পরিবর্তে ফাস্ট বোলার ইমরান খানকে দলে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
পিঠের মাংসপেশির চোটের কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি ৩১ বছর বয়সী পেসার সোহেল।
২৭ বছর বয়সী ইমরান পাকিস্তানের পক্ষে ৩টি টেস্ট খেলে ৩১.১৪ গড়ে ৭ উইকেট নেন।
এর আগে বাংলাদেশ সফর থেকে চোটের কারণে ছিটকে পড়েন লেগস্পিনার ইয়াসির শাহ, ব্যাটসম্যান শোয়েব মাকসুদ ও পেসার এহসান আদিল।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ এপ্রিল। আর ৬ মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
