স্যামুয়েলসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে উইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বাজে শুরুর পর লড়ে যাচ্ছেন মারলন স্যামুয়েলস। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।
গ্রেনাডায় মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারালেও ৫ উইকেটে ১৮৮ রান নিয়ে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের খেলা শেষ করে দিনেশ রামদিনের দল।
ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে ক্রেইগ ব্র্যাথওয়েইটকে বোল্ড করেন আগের টেস্টেই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়া জেমস অ্যান্ডারসন।
স্কোর বোর্ডে ৭৪ রান উঠতে আরও তিনটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস জর্ডানের বলে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রান করা ডেভন স্মিথ।
স্টুয়ার্ট ব্রডের বলে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুককে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৫ রান করেন ড্যারেন ব্র্যাভো। আর ওয়েস্ট ইন্ডিজের নির্ভরতার প্রতীক শিবরানারায়ন চন্দরপল বেন স্টোকসের বলে মইন আলির হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ১ রান।
ইংল্যান্ডের গোছানো বোলিংয়ের বিরুদ্ধে প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই লড়াই করেন স্যামুয়েলস।
অসাধারণ ব্যাটিং করেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। দিন শেষে ১৮৬ বলে ৯৪ রান করে উইকেটে ছিলেন তিনি। তার সঙ্গী অধিনায়ক রামদিনের রান ৬।
জর্ডানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে জার্মেইন ব্ল্যাকউড (২৬ রান) পঞ্চম উইকেট জুটিতে স্যামুয়েলসের সঙ্গে ৫৫ রান তোলেন। এরপর রামদিনকে সঙ্গে নিয়ে স্যামুয়েলস গড়েন অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি।
নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় শুরুতে খুব দেখেশুনে ধীরস্থির ব্যাটিং করেন স্যামুয়েলস। অর্ধশতকে পৌঁছাতে ১৪২ বল লাগে তার। এর মধ্যে ৬ বার বল সীমানা ছাড়া করেন।
ইংল্যান্ডের পক্ষে দুটি উইকেট নেন জর্ডান। অ্যান্ডারসন, ব্রড ও স্টোকস নেন একটি করে উইকেট।
