২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে নাসিরদের পরীক্ষা

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বড় এক পরীক্ষা হবে বিসিবি একাদশে থাকা জাতীয় দলের পাঁচ ক্রিকেটারদের জন্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 07:36 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তান ও বিসিবি একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

বিসিবি একাদশে আছে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলের নাসির হোসেন, সাব্বির রহমান, মুমিনুল হক, আবুল হাসান ও রনি তালুকদার।

উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের ত্রয়োদশ সঙ্গী হওয়া প্রায় নিশ্চিত রনির। সিরিজের আগে প্রস্তুতি ম্যাচকে মানিয়ে নেয়ার দারুণ এক সুযোগ বলে মনে করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

“প্রথম ওয়ানডের আগে আমার জন্য এটা একটি ভাল সুযোগ। চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার। ভাল করতে পারলে মূল ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে।”

জাতীয় দলের একাদশে সাব্বিরের জায়গা নিশ্চিত। তবে নাসির ক্রমশ নিজেকে ফিরে পাচ্ছেন। এই দুই জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার কাজটা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে নির্বাচকদের জন্য। নিচের দিকে ব্যাট করায় নিজেকে মেলে ধরার খুব একটা সুযোগ থাকে না সাব্বিরের। তবে প্রস্তুতি ম্যাচ তার নিজের সামর্থ্য প্রমাণের একটি সুযোগ দেবে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে নাসিরের অফস্পিনও কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিসিবি একাদশের নেতৃত্বেও থাকবেন তিনি। তার ব্যাটিং-বোলিংয়ের দিকে নজর থাকবে বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহের।

টেস্টে এই মুহূর্তে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুমিনুল। কিন্তু ওয়ানডে একাদশে তার থাকা নিশ্চিত নয়। বাঁহাতি এই ব্যাটসম্যান নিজের ব্যাটিং নিয়ে অনেক কাজ করছেন। সীমিত ওভারের ক্রিকেটে সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে থাকবেন তিনিও।

পেসার হাসানের দলে থাকাটা বিস্ময় হয়েই এসেছে। প্রস্তুতি ম্যাচে তার পারফরম্যান্সের দিকে নজর থাকবে বাংলাদেশের কোচের।

মিসবাহ-উল-হক, ইউনুস খান, শহিদ আফ্রিদির অনুপস্থিতিতে পাকিস্তান দলের চেহারাটা অনেকটাই নতুন। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একমাত্র প্রস্তুতি ম্যাচের দিকে তাকিয়ে থাকবে অতিথিরাও। এই ম্যাচেই পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চাইবেন দলের কোচ ওয়াকার ইউনুস।