২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সিরিজের জন্য মাশরাফিদের প্রস্তুতি শুরু

বাংলাদেশে এসেই ক্রিকেটারদের অনুশীলনে নামিয়েছেন চন্দিকা হাথুরুসিংহে। হালকা অনুশীলন দিয়ে শুরু হয়েছে পাকিস্তান সিরিজের প্রস্তুতি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 05:33 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। তাই প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছেন না ক্রিকেটাররা। তবে খেলার মধ্যেই আছেন তারা। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে খেলছেন তারা।

রোববার ছিল ক্রিকেটারদের অনুশীলনের প্রথম দিন। এই দিনই শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল হওয়ায় অনুশীলনে সাত ক্রিকেটার অনুপস্থিত ছিলেন।  

পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল দলে থাকা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাসির হোসেন, সাব্বির রহমান, মুমিনুল হক, আরাফাত সানি ও আবুল হাসান অনুশীলনে ছিলেন না।

আইপিএলে খেলা সাকিব আল হাসানও অনুপস্থিত ছিলেন প্রথম দিনের অনুশীলনে।

মিরপুরের ইনডোর ও নেটে অনুশীলন করেন মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রনি তালুকদার। সকালে মাঠে এলেও বোলিং অনুশীলন করেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে থাকা রনি তালুকদার দারুণ খুশি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া এই ক্রিকেটার জানান, অনুশীলন নিয়ে তিনি খুব রোমাঞ্চিত ছিলেন।

“গত ছয়-সাত বছর ধরে ওদের সবার সঙ্গে ক্রিকেট খেলছি। সবাই পরিচিতই। খুব ভাল ব্যাটিং অনুশীলন করেছি। আর পুরোটা সময় আমি খুব উপভোগ করেছি।”

রনি জানান, হাথুরুসিংহে তাকে ইতিবাচক ক্রিকেট খেলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এখনই ব্যাটিং টেকনিক নিয়ে কোনো কাজ করবেন না। ঘরোয়া ক্রিকেট রান যেভাবে রান করেছেন কোচ সেভাবে খেলে যেতে বলেছেন।

পেসার রুবেল হোসেন জানান, প্রথম দিনের অনুশীলনে খুব একটা চাপ ছিল না। স্পিন সহায়ক উইকেটে পেস বোলিং অনুশীলন করতে হবে তাই বোলিংয়ের ওপরই পেসাররা বেশি জোর দেবেন।