২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনুশকাকে নিয়ে সমালোচনায় আহত কোহলি

ভারত বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর সমালোচনার তিরে বিদ্ধ হতে হয়েছে বিরাট কোহলি ও তার প্রেমিকা আনুশকা শর্মাকে। সংবাদমাধ্যমের এমন আচরণে খুব ‘আহত’ আর ‘হতাশ’ হয়েছেন বলে জানিয়েছেন ভারতের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 05:25 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

বিশ্বকাপে ৩০৫ রান করা কোহলি টুর্নামেন্টে দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে শতকও আছে। গত পাঁচ বছর ধরে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান খুবই বিস্মিত হয়েছেন যে, মানুষ তার অতীত এত সহজেই ভুলে গেল!
 
আইপিএলে বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আপাতত কলকাতায় আছেন কোহলি। শনিবার ইডেন গার্ডেনসে কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এবারের আইপিএল অভিযান। সেখানেই বিষয়টি নিয়ে কথা বলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক।
 
“ব্যক্তিগতভাবে আমি খুব হতাশ হয়েছি। আমার মনে হয় না, গত ৫ বছরে আমি যেমনটা করেছি, ভারতকে এত বেশি ম্যাচ জেতাতে বা এত ধারবাহিক পারফর্ম করতে অন্য কেউ পেরেছে।”
 
গত ২৬ মার্চ অস্ট্রেলিয়ার কাছে সেমি-ফাইনালে ৯৫ রানে হারে ভারত। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২৩৩ রানে অলআউট হয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল। তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে আউট হন কোহলি। ওই ম্যাচ দেখতে গ্যালারিতে ছিলেন বলিউড নায়িকা আনুশকা।
 
একটি মাত্র বাজে ইনিংসের জন্য এত সমালোচনা খুব হতাশ করেছে কোহলিকে।
 
“এটা যা করে, সেটা হচ্ছে, আপনাকে অনেক মানুষের ওপর বিশ্বাস হারা করবে। একদিক থেকে অবশ্য এটা ভালো-আপনি জানতে পারবেন কে আপনার পাশে আছে, কে নেই।”
 
অনেকে আবার কোহলির সেমি-ফাইনালে রান না পাওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন, ওইদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে আনুশকার উপস্থিতিকে। এই সমালোচনাতেও খুব কষ্ট পেয়েছেন কোহলি।