২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিদের হারিয়ে ফাইনালে মুশফিকের উত্তরাঞ্চল

মাশরাফি বিন মুর্তজার ঝড়ো ব্যাটিংয়েও হার এড়াতে পারেনি দক্ষিণাঞ্চল। মুশফিকুর রহিমের দৃঢ়তায় তাদের হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে আসরের ফাইনালে পৌঁছেছে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের বিপক্ষে তাদের ৮৮ রানের জয়ে অবদান কম নয় সাব্বির রহমান ও নাঈম ইসলামের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 09:51 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২১ রান করে উত্তরাঞ্চল।

ম্যাচ সেরা মুশফিক খেলেন ৭৮ রানের চমৎকার এক ইনিংস। তার ৬৬ বলের আক্রমণাত্মক ইনিংসটি ৫টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।

নাঈমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮০ রান। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করা সাব্বির খেলেন ৬৬ রানের কার্যকর এক ইনিংস। এছাড়া মাহমুদুল হাসান ৪৮ ও নাসির হোসেন ৩৯ রান করেন।

দক্ষিণাঞ্চলের জিয়াউর রহমান, রুবেল হোসেন ও মাশরাফি দুটি করে উইকেট নেন।

জবাবে ৪৪ ওভার ১ বলে ২৩৩ রানে অলআউট হয়ে যায় উত্তরাঞ্চল।

মোহাম্মদ মিঠুনের ৩৮ ও সৈকত আলীর ২৫ রানের পরও ১১৭ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ বিপদে পড়ে দক্ষিণাঞ্চল।

তারপরও চেষ্টা করেছিলেন মাশরাফি। ৮৬ রানের জুটি ভেঙে সোহাগ গাজীর (৩৯) বিদায়ের পর আর পারেননি তিনি। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে মাশরাফি করেন ৬৯ রান। তার ৪৪ বলের ইনিংসটি গড়া ৮টি চার ও ৩টি ছক্কায়।

উত্তরাঞ্চলের তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, দেলোয়ার হোসেন ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নেন।