পাকিস্তান সিরিজে ভালো করার প্রত্যয় সাকিবের
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ভালো করার প্রত্যয় নিয়েই আইপিএল খেলতে রওনা হয়ে গেছেন সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে এ বছরে ভালো খেলে বাংলাদেশের র্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ার দিকেও নজর দেওয়ার কথা বলে যান বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার সাংবাদিকদের সাকিব জানান, আইপিএলে ভালো খেললে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করে নেওয়া যাবে বলে মনে করেন তিনি।
“মাথায় তো অবশ্যই পাকিস্তান সিরিজ থাকবে। কারণ (আইপিএলে) মাত্র দুটি ম্যাচ খেলব। … প্রথম দুটি ম্যাচ যদি আমি খেলি এবং ভালো খেলতে পারি তাহলে ওই আত্মবিশ্বাসটা অবশ্যই কাজে লাগবে।”
