ভারতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের জয়
ভারত সফরে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৬ দলকে ৮ উইকেটে হারিয়েছে তরুণ ক্রিকেটাররা।
সোমবার ম্যাচের তৃতীয় ও শেষ দিন জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় আরিফ হোসেন ধ্রুবর দল।
মোহাম্মদ রাকিব ও কাজী অনিক ইসলামের শতকে প্রথম ইনিংসে ৩১৮ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। রাকিব ১০৯ ও অনিক ১০৭ রান করেন।
বাংলাদেশের বোলারদের তোপের মুখে ভারতের দলটির প্রথম ইনিংস ১২৪ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ২৭৯ রান করে বাংলাদেশকে ৮৬ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা।
জালালউদ্দিন রুমি ও মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের উইকেট হারালেও আরিয়ান ফাহিদ (২৭ রান) ও আমিনুল ইসলাম বিপ্লব (১৬) অপরাজিত থেকে বাংলাদেশকে জয় এনে দেন।
এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে আগামী বুধবার।
