থামাতে পারবে না কেউ: ডি ভিলিয়ার্স
বিশ্বকাপ জয়ের জন্য এবার দৃঢ় প্রত্যয়ী দক্ষিণ আফ্রিকা। কোয়ার্টার-ফাইনালের আগে এবি ডি ভিলিয়ার্স বলেছিলেন, ট্রফি নিয়ে বাড়ি ফিরতে আর মাত্র তিনটি ম্যাচই বাকি আছে। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক বলেছেন, পুরো সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে তার দলকে কেউ থামাতে পারবে না।
৭ ম্যাচে ৬ ইনিংসে ব্যাট করে ৪১৭ রান নিয়ে ডি ভিলিয়ার্স এখন পর্যন্ত এই বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। রান পাচ্ছেন হাশিম আমলা আর ডেভিড মিলাররাও। এদের সঙ্গে কুইন্টন ডি কক জ্বলে উঠলে ব্যাটিংয়ে কোনো সমস্যা থাকার কথা নয় দক্ষিণ আফ্রিকার।
বল হাতে শুরু থেকেই ভালো করছেন ইমরান তাহির আর মরনে মরকেল। ৭ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন লেগস্পিনার তাহির। আর ফাস্ট বোলার মরকেলের উইকেট ১৪টি।
ডেল স্টেইন অবশ্য এখনো তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এই ফাস্ট বোলার যদি জ্বলে ওঠেন আর সেমি-ফাইনালের আগে চোটমুক্ত হওয়া ভার্নন ফিল্যান্ডার যদি তার আসল রূপে ফিরতে পারেন, তাহলে বোলিংয়েও কোনো সমস্যা থাকার কথা নয় দক্ষিণ আফ্রিকার।
সব মিলিয়ে নিজের দলের ওপর বিশ্বাস আছে ডি ভিলিয়ার্সের। অকল্যান্ডে আগামী মঙ্গলবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তার প্রত্যয়ের কথা বলেন।
“আমি আগেও বলেছি; আমার বিশ্বাস, আমরা যদি আমাদের পুরো সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে এই টুর্নামেন্টে কেউ আমাদের থামাতে পারবে না।”
এর আগে কখনও নকআউট পর্বে জিততে না পারার বদনাম কোয়ার্টার-ফাইনালেই ঘুচিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার কখনও ফাইনাল খেলতে না পারার আক্ষেপ ঘোচাতে চায় তারা। আর এটা দক্ষিণ আফ্রিকা এবার পারবে বলেই বিশ্বাস করেন ডি ভিলিয়ার্স।
“আমি মনে করি, সত্যি একটা ভালো সময়ে দল খুব ভালো অবস্থায় আছে এবং আগামীকালের (মঙ্গলবার) ম্যাচ নিয়ে আমাদের আত্মবিশ্বাসী হওয়ার অনেক কারণ আছে।”
সবকিছুর পরও নকআউটে দক্ষিণ আফ্রিকার যে কোনো ম্যাচের আগেই অতীত ইতিহাস ফিরে আসে। সেমি-ফাইনাল ম্যাচের আগেও ডি ভিলিয়ার্সের সামনে সাংবাদিকরা ২০০৭ আর ২০১১ বিশ্বকাপ ফিরিয়ে আনেন। এরই পথ ধরে আসে তাদের ১৯৯২ আর ১৯৯৯ বিশ্বকাপের ব্যর্থতার প্রসঙ্গও।
ডি ভিলিয়ার্স অবশ্য অতীতে তাকাতে নারাজ। সব ভুলে দক্ষিণ আফ্রিকা নতুন ইতিহাস লেখাতে তৈরি বলেই জানান তিনি।
