২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বীরের বেশে ফিরল মাশরাফিরা

সফল বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয়া মাশরাফি বিন মুর্তজাদের বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। হাজারো ক্রিকেট ভক্তও বীরের বেশে ফেরা মাশরাফিদের বরণ করে নিতে বিমানবন্দরে আসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 08:11 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকায় পা রাখেন মাশরাফিরা। দলের সবাইকে ফুলের মালা পরিয়ে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক ও কর্মকর্তারা।

একাদশ বিশ্বকাপে বাংলাদেশের মূল লক্ষ্য ছিল কোয়ার্টার-ফাইনালে খেলা। আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্য ভালোভাবেই পূরণ করেন মাশরাফিরা। 
 

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কোয়ার্টার-ফাইনালে শিরোপাধারী ভারতকে একটা সময় পর্যন্ত চাপে রাখলেও শেষ পর্যন্ত পেরে উঠেনি বাংলাদেশ। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ সেরা রোহিত শর্মা জীবন না পেলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। গত বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক কমই ছিলেন। ওয়ানডেতে এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হার, টি-টোয়েন্টি বিশ্বকাপে হংকংয়ের কাছে হারা দলটির মনোবল ছিল তলানিতে। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে চারটি ম্যাচ হারে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ আক্ষরিক অর্থেই তাদের জন্য অগ্নিপরীক্ষায় পরিণত হয়। সব চাপ পেছনে ফেলে শতরানের জয়ে ভালোভাবেই বিশ্বকাপ অভিযান শুরু করেন মাশরাফিরা। 
Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্কটল্যান্ডের বিপক্ষে তিনশ’ রানের লক্ষ্য তাড়া করে জিতে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলার পথে আরেকধাপ এগিয়ে যায় বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে গড়ে ইতিহাস। নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ না জিতলেও কোয়ার্টার-ফাইনালে ভারতকে মোকাবেলার প্রস্তুতি সেরে রেখেছিল টাইগাররা। আম্পায়ার রুবেল হোসেনকে ‘নো’ বল ডেকে বাংলাদেশের খেলা এলোমেলো করে দেয়ার আগ পর্যন্ত চালকের আসনে ছিলেন মাশরাফিরাই। সব বিপক্ষে যাওয়ার ম্যাচে হেরে সেমি-ফাইনালে যেতে না পারলেও ক্রিকেটভক্তদের হৃদয় জয় করেছেন মাশরাফিরা। তাই অনেকটা নিভৃতে বিশ্বকাপ খেলতে গেলেও ফেরার সময় তারা পেলেন বীরের সংবর্ধনা।
Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাশরাফিদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নিতে বিমানবন্দরে সমর্থকের ঢল নামে। বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে আসা উত্তরা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী তারিন বলেন, “টাইগাররা খেলায় যে পারদর্শিতা দেখিয়েছে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তা অনন্য।” রিফাত, ঋতু, দিপিকা, প্রভা, হৃদম, ইবুর মতো অসংখ্য সমর্থকের উচ্ছ্বাসে বিমানবন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে। বাবা-মায়ের হাত ধরে, কোলে চড়ে মাশরাফিদের শুভেচ্ছা জানাতে এসেছিল শিশুরাও। ‘আমরা হারিনি, আমরা জিতেছি’, ‘মাশরাফিদের শুভেচ্ছা’ সহ আরো অনেক শ্লোগান ছিল সমর্থকদের হাতে থাকা প্ল্যাকার্ডে।