গেইলকে নিয়ে দোটানায় উইন্ডিজ
নিউ জিল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ক্রিস গেইলকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার জানিয়েছেন, গেইলকে ছাড়াও জয়ের সামর্থ্য রয়েছে তার দলের।
ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে শনিবার কোয়ার্টার-ফাইনালে বিশ্বকাপের সহ-আয়োজক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
চোট পুরো সেরে না উঠলেও শুক্রবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন গেইল। তারপরও এই মারকুটে ব্যাটসম্যানকে ওয়েলিংটনে পাওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি হোল্ডার। তবে উদ্বোধনী ব্যাটসম্যান গেইলের জন্য ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করার কথা জানান তিনি।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের মতে, গেইল ক্রিকেট বিশ্বের একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান। তাই তাকে দলে পাওয়া এবং তার উপস্থিতিই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
গেইলকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শেষ আটে ঠাঁই করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাই পরিস্থিতির বিচারে জ্যামাইকার এই ব্যাটসম্যানকে ছাড়াও ম্যাচ বের করে আনার ব্যাপারে আশাবাদী হোল্ডার।
“কিন্তু তাকে ছাড়াই আমরা শেষ ম্যাচটা জিতেছি। তাই আমি বলব, তাকে ছাড়া জিততে পারি আমরা।”
চোটের কারণে আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলা হয়নি গেইলের। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দ্বিশতক করা এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের এই আসরে ৫ ম্যাচে ২৭৯ রান করেছেন। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের 'দানবীয়' ইনিংসটি খেলেন তিনি।
