আক্রমণের মন্ত্র নিয়েই নামবে নিউ জিল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে আক্রমণাত্মক ক্রিকেট খেলার মন্ত্র নিয়ে নামবে নিউ জিল্যান্ড। আক্রমণাত্মক ক্রিকেট খেলেই নিউ জিল্যান্ড জয় পাচ্ছে বলে এই পরিকল্পনা থেকে তারা সরছেন না জানিয়েছেন দেশটির অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
নিউ জিল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ম্যাককালাম নিজেই। ইনিংস উদ্বোধন করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের এলোমেলো করে দেন তিনি। ম্যাককালামের ফিল্ডিংটাও বেশ আক্রমণাত্মক মেজাজের।
এই ধরণের ক্রিকেট খেলেই গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে নিউ জিল্যান্ড। শনিবারে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একই ধরণের ক্রিকেট খেলার প্রত্যয় সহ-আয়োজক দেশটির অধিনায়কের।
“আমরা এই (আক্রমণাত্মক) ধরণের ক্রিকেট খেলতে চাই। আমরা দেখিয়েছি যে, এটাই আমাদের অপরাজেয় একটি দলে পরিণত করছে।”
আক্রমণাত্মক ক্রিকেট খেলেই নিউ জিল্যান্ড বিশ্বকাপে অদম্য হয়ে উঠেছে এবং এ কারণেই পরিকল্পনা থেকে বের হয়ে আসার কারণ দেখছেন না ম্যাককালাম। প্রথম পরিকল্পনা যদি কাজে না লাগত, তাহলেই দ্বিতীয় পরিকল্পনার কথা নিউ জিল্যান্ড ভেবে দেখত বলে মনে করেন তিনি।
রাগবি-পাগল একটি দেশের মানুষদের এই বিশ্বকাপে ভালোই ক্রিকেট উন্মাদনায় ভাসিয়েছেন ম্যাককালামরা। এই উন্মাদনা কি আরও কিছু দূর বয়ে নিয়ে যেতে পারবেন তারা?
ম্যাককালাম অবশ্য এটা ভেবে বাড়তি চাপ নিতে রাজি নন। তার দল বিশ্বকাপটা উপভোগ করছে বলে মনে করেন তিনি। আর উপভোগের এই মন্ত্র নিয়েই এগিয়ে যেতে চান ম্যাককালাম।
