সেমির ছক কষছেন ডি ভিলিয়ার্স
দাপটের সঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের বৈতরণী পার হওয়ার পর এখন সেমি-ফাইনাল নিয়ে ভাবছেন এবি ডি ভিলিয়ার্স। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক শ্রীলঙ্কার বিপক্ষে সতীর্থদের পারফরম্যান্সের প্রশংসা করতেও ভোলেননি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে প্রোটিয়াদের এটা প্রথম জয়। এ জয়কে ‘অন্যতম সেরা’ বলে জানান ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকা অধিনায়ক আরও জানান, ‘চোকার্স’ শব্দ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এবং তিনি শব্দটি সঙ্গে নিয়েই অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে যতদূর সম্ভব ততদূর এগিয়ে যেতে চান।
১৯২ বল হাতে রেখে পাওয়া জয়ে দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলে জানান ডি ভিলিয়ার্স। তিনি বলেন, “আমাদের কাছে এর (জয়) অর্থ অনেক। খেলাধূলার একটি বড় অংশ হলো আত্মবিশ্বাস এবং যে উপায়ে আপনি আপনার সামর্থ্যে বিশ্বাস করেন। আমি সত্যি বিশ্বাস করি, দল হিসেবে আমরা আসলেই শক্তিশালী অনুভব করছি এবং সেমি-ফাইনালে যাওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”
শ্রীলঙ্কাকে ১৩৩ রানে বেঁধে রাখায় বোলারদের আলাদাভাবে প্রশংসা করেন ডি ভিলিয়ার্স। তিনি জানান, ডেল স্টেইন ও মর্নে মরকেল-এই দুই পেসারের দেখানো পথে ইমরান তাহির ও জেপি ডুমিনি নিজেদের কাজটুকু ঠিকঠাক করায় জয়টা সহজ হয়েছে।
রান খরায় ভুগছিলেন কুইন্টন ডি কক। শ্রীলঙ্কার বিপক্ষে অর্ধশতক করে রানে ফিরেছেন তিনি। দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান রানে ফেরায় প্রোটিয়া অধিনায়কের স্বস্তি আরও বেড়েছে।
সিডনির জয়ের আনন্দে অবশ্য ভেসে যেতে চাইছেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। অকল্যান্ডের সেমি-ফাইনাল বাঁধা টপকানোর জন্য ফের ঐক্যবদ্ধ হওয়াটাও এ মুহূর্তের করণীয় বলে জানান ডি ভিলিয়ার্স।
