২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারদের কথাও শোনা যাবে টিভিতে

বিশ্বকাপের ম্যাচ চলার সময় এবার আম্পায়ারদের কথাও শুনতে পারবেন টিভির দর্শকরা। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচগুলোয় আম্পায়ারদের আলোচনা শোনানোর ব্যবস্থা করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 04:07 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা মঙ্গলবার জানায়, ম্যাচের কোনো সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের সঙ্গে মাঠের আম্পায়ারদের আলোচনা টুর্নামেন্টের সম্প্রচার সত্ত্ব পাওয়া স্টার স্পোর্টস প্রচার করতে পারবে। কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালের সময় এই নিয়ম থাকবে।

আম্পায়ার রেফারেল, তাদের আলোচনা এবং সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতিতে (ডিআরএস) খেলোয়াড়দের রিভিউয়ের সময় আম্পায়ারদের আলোচনা শোনা যাবে।

ক্রিকেটে এই ঘটনা নতুন নয়। গত নভেম্বরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে তৃতীয় আম্পায়ারের সঙ্গে মাঠের আম্পায়ারের আলোচনা শোনার পরীক্ষামূলক ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ।

তখনই বলা হয়েছিল, পরীক্ষা-নিরীক্ষা সফল হলে একাদশ বিশ্বকাপের কিছু ম্যাচেও আম্পায়ারদের কথাবার্তা সম্প্রচার হতে পারে।