‘চোকিং’ বাউন্সার সীমানা পার দ.আফ্রিকা কোচের
বাউন্সারটা আসবে তা রাসেল ডমিঙ্গো আগেই জানতেন। সংবাদ সম্মেলনের চতুর্থ মিনিটে ওঠা প্রশ্নে ‘চোকিং’ প্রসঙ্গটা আসার সঙ্গে সঙ্গেই বিষয়টিকে উড়িয়ে দিয়ে সীমানা ছাড়া করলেন দক্ষিণ আফ্রিকা কোচ।
আগামী বুধবার সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের আগে সোমবার সংবাদ সম্মেলনে আসেন দক্ষিণ আফ্রিকার কোচ ডমিঙ্গো।
সংবাদ সম্মেলনের চার মিনিট পার হওয়ার পর এক সাংবাদিক বলতে শুরু করেন, “কোচ, এই প্রসঙ্গটি আমায় উত্থাপন করতে হচ্ছে বলে দু:খিত…।”
কথা শেষ করতে পারেননি ওই সাংবাদিক; তার মুখের কথা কেড়ে নিয়ে ডমিঙ্গো বলেন, “আহ, হ্যাঁ। চোকিং, চোকিং...।”
“এটা (চোকিংয়ের প্রশ্নটি উঠতে) চার মিনিটের বেশি সময় নিল…এটা জিজ্ঞেস করার জন্য অনেক সময় লেগে গেল যে!”
গত দুই দশকে দক্ষিণ আফ্রিকা দলে অসাধারণ সব ক্রিকেটার খেলেছেন। এরপরও নিষেধাজ্ঞা কাটিয়ে ১৯৯১ সালে আবার ক্রিকেটে ফেরার পর থেকে বিশ্বকাপে এখনো নকআউট পর্বে কোনো ম্যাচ জেতেনি তারা।
বিশ্বকাপের বিভিন্ন আসরে নকআউটের ম্যাচগুলোয় নানাভাবে হেরেছে তারা। তবে বেশিরভাগ সময়েই চাপের কাছে নতি স্বীকার করে দক্ষিণ আফ্রিকা। এই কারণেই বিশ্ব ক্রিকেটে অনেকের কাছে তারা পরিচিতি পায় ‘চোকার্স’ নামে।
স্বাভাবিক কারণেই আরেকটি নকআউট পর্বের ম্যাচের আগে প্রসঙ্গটি ওঠে। দক্ষিণ আফ্রিকার কোচ বিষয়টি উড়িয়ে দেন।
“আমরা জানি, আমরা নতুনভাবে শুরু করেছি। আমরা ভালো ক্রিকেট খেলেছি, আমরা কিছু বাজে ক্রিকেটও খেলেছি। কিন্তু আমরা এই জেনে এখানে এসেছি যে, নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা খেলতে পারলে আমাদের জেতার ভালো সুযোগ আছে।”
