২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াসুরিয়ার কাছে সাঙ্গার ব্যাটিং ‘অবিশ্বাস্য’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে কুমার সাঙ্গাকরার ব্যাটিং দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। অসাধারণ ফর্মে থাকা সাঙ্গাকারার ব্যাটিংকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেন দেশটির প্রধান নির্বাচক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 03:11 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বিশ্বকাপের শুরুটা ভালো ছিল না সাঙ্গাকারার। নিউ জিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩৯ রান করেন তিনি। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেন ৭ রান। তবে শ্রীলঙ্কার বাঁহাতি এই ব্যাটসম্যান প্রমাণ করেন- ‘ফর্ম সাময়িক, কিন্তু মান চিরন্তন’।
 
ওই দুই ম্যাচের পর আর পেছন ফিরে তাকাননি তিনি। পরের চারটি ম্যাচে ধ্রুপদী ব্যাটিং উপহার দিয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যান সাঙ্গাকারা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চারটি শতক করেন তিনি। 
 
সাঙ্গাকারার এই কীর্তি সামনে থেকে দেখতে পারায় নিজেকে ভাগ্যবানও মনে করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়সুরিয়া।
 
“তাকে টানা চারটি শতক করতে দেখা অন্যতম দুর্লভ ঘটনা।”
 
গ্রুপ পর্বের ৬ ম্যাচে ১২৪ গড়ে ৪৯৬ রান করে এখন পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক সাঙ্গাকারা। 
 
আগামী বুধবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে ম্যাচে তো বটেই, বিশ্বকাপের শেষ পর্যন্ত সাঙ্গাকারার এই ফর্ম থাকুক; এটাই চান জয়াসুরিয়া।
 
বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর কথা সাঙ্গাকারার। টেস্ট ক্রিকেট এখনও খেলছেন তিনি। জয়াসুরিয়া চান, সাঙ্গাকারা ওয়ানডে ক্রিকেটটাও যেন আরও কয়েক বছর খেলে যান।