২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড ম্যাচে চোখ উইন্ডিজের

নিজেদের দিক থেকে অঙ্কের হিসাব মিলিয়ে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচটি পণ্ড না হলে বা টাই না হলে কোয়ার্টার-ফাইনালে পা রাখবে তারা। আর সেক্ষেত্রে শেষ আটে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। পেছনের দিকে না তাকিয়ে এখন এই ম্যাচের প্রতিপক্ষ নিয়েই ভাবছে দলটির অধিনায়ক জ্যাসন হোল্ডার।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 01:39 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর দলটির অধিনায়ক হোল্ডার তার প্রতিক্রিয়ায় জানান, নিউ জিল্যান্ডকে হারানোর জন্য প্রত্যয়ী তার দল।  

রোববার নিউ জিল্যান্ডের ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে আমিরাতকে ৬ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

টানা ছয় ম্যাচ জিতে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা নিউ জিল্যান্ড দারুণ ছন্দে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের অবস্থা ঠিক এর বিপরীত। বিশ্বকাপের শুরু থেকেই ধুঁকছে তারা। কিন্তু হোল্ডার সবাইকে মনে করিয়ে দিলেন-ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা।

"আমরা এই ম্যাচ নিয়ে উন্মুখ হয়ে আছি। এটা কোয়ার্টার-ফাইনাল এবং ক্রিকেট খেলাটা এক দিনেরই।"

এই মুহুর্তে নিউ জিল্যান্ড ভালো ক্রিকেট খেললেও তাদের হারানোর প্রত্যয় আছে আমিরাতের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার জেতা হোল্ডারের।

"অবশ্যই নিউ জিল্যান্ড অসাধারণ ক্রিকেট খেলছে। তারা কোনো ম্যাচ হারেনি। আশা করি, এই কোয়ার্টার-ফাইনালে আমরা তাদের হারাব।"