২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যামিল্টনে মন ভরাল সাকিবরা

হ্যামিল্টনের সেডন পার্কের গ্যালারিতে আসা প্রবাসী বাংলাদেশিরা খুশি। অকল্যান্ডসহ এরা নিউ জিল্যান্ডের নানা শহর থেকে এসেছেন। এসেছেন অস্ট্রেলিয়া আর বাংলাদেশ থেকেও। এরা সবাই খুশি; কারণ, হেরে গেলেও বাংলাদেশ ভালো খেলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলুল বারী, হ্যামিল্টন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 04:54 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

শত শত লাল-সবুজ পতাকা উড়ছিল সেডন পার্কে। চারদিকে ধ্বনিত হচ্ছিল বাংলাদেশ বাংলাদেশ। হ্যামিল্টনবাসী সাবেক পুলিশ কর্মকর্তা রজার বললেন, "অসাধারণ দর্শক তোমাদের। খুবই ক্রিকেট-ভক্ত জাতি তোমরা। সেডন পার্কে এমন আমি আগে এতটা দেখেছি বলে মনে পড়ে না।"

নোয়াখালির কোম্পানিগঞ্জের যুবক মাসুম থাকেন ব্রাজিলে। শুক্রবার ভোরে হ্যামিল্টন এসে পৌঁছেছেন তিনি। দীর্ঘ ভ্রমনের ক্লান্তি তার চোখে-মুখে। কিন্তু সেডন পার্কে ঢুকেই তিনি যোগ দেন ক্রিকেট উৎসবে। মাহমুদুল্লাহ টানা দ্বিতীয় শতক পাওয়ার পর আনন্দে যেন ভাসতে থাকেন মাসুম। চিৎকার করে বলতে থাকেন, "আমি এখন সুখী একজন মানুষ। এমন সুখ আমি জীবনে খুব কম অনুভব করেছি।"

অকল্যান্ড প্রবাসী বাংলাদেশি ছাত্র পাপ্পু। তিনি নিউ জিল্যান্ডে আছেন মাত্র পাঁচ মাস ধরে। পাপ্পু জানালেন, নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তার আশাকে ছাড়িয়ে গেছে।

এরপর বলেন, "বাংলাদেশ এতটা ভালো খেলবে আশা করিনি। আসলেই খুব ভালো একটা সময় পার করছে প্রিয় বাংলাদেশ দল।"

সেডন পার্কের মাঠটির বড় অংশ জুড়ে ছিলেন নিউ জিল্যান্ড সমর্থকরা। মাঠের শুধু বাংলাদেশ সমর্থক-এলাকায়ই অবস্থান নেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। মাঠের এই অংশটাতেই লাল-সবুজ পতাকা বেশি ছিল।

পুরো মাঠ জুড়ে বিচ্ছিন্নভাবে লাল-সবুজ পতাকার সমর্থকরা ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও দলের রান আর উইকেট পাওয়ার উৎসবে সবাই সামিল হচ্ছিল সমানভাবে। মাঠে বাংলাদেশের জার্সি ছাড়া বাংলাদেশ সমর্থক দর্শক খুঁজে বের করা কঠিন ছিল। মেয়েদের অনেকে পরেছেন লাল-সবুজ শাড়ি। কপালে লাল টিপ।

আব্দুল্লাহ আহমদ ইউসুফ ১৮ বছর ধরে অকল্যান্ডে শিক্ষকতা করেন। লুঙ্গি পরে গলায় গামছা ঝুলিয়ে খেলা দেখতে এসেছিলেন এই প্রবাসী শিক্ষক। দেশে থাকতে লিগ ক্রিকেট খেলতেন বলে জানান তিনি। বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ হওয়ার কথা বলেন ইউসুফ, "দল জিততে না পারলেও সেডন পার্কে বাংলাদেশ যে ক্রিকেট সামর্থ্য দেখিয়েছে, তা এক কথায় অসাধারণ।"

দল আগেই কোয়ার্টার-ফাইনালে উঠে যাওয়ায় নির্ভার হয়েই খেলা দেখেন প্রবাসী বাংলাদেশিরা। সিডনি থেকে আসা আব্দুর রব বলেন, "দল ভালো খেলবে এটাই শুধু দেখতে এসেছিলাম।"