উড়তে থাকা ভারতের সামনে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে টানা পাঁচ জয়ের উচ্ছ্বাসে রীতিমতো উড়ছে ভারত। অন্যদিকে গত পাঁচ ম্যাচে জিম্বাবুয়ের জয় মাত্র একটি। তারপরও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস হারাচ্ছে না জিম্বাবুয়ে।
অকল্যান্ডের ইডেন পার্কে শনিবার মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপের পর জিম্বাবুয়ে ছেড়ে কাউন্টি ক্রিকেট খেলতে তিন বছরের জন্য ইংল্যান্ডের পাড়ি জমাচ্ছেন টেইলর। বিদায়ের আগে তাই ভালো কিছু পাওয়ার আশা আছে তার।
টেইলরের চাওয়া পূরণের পথে অবশ্য বাধা অনেক। শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলির মতো তারকা থাকায় মহেন্দ্র সিং ধোনির দলের ব্যাটিং লাইনআপের গভীরতা অনেক। মোহাম্মদ সামি, ভুবনেশ্বররাও ঢেকে দিয়েছেন বোলিং লাইনআপের পুরোনো দুর্বলতা। সব মিলিয়ে ধোনির দল আসলেই উড়ছে।
ভারতের পেসার সামিও ম্যাচের আগে ঘোষণা দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দ্রুতই ফেরাতে চান তারা। শেষ ম্যাচকে একটু হালকাভাবে না নেওয়ার কথা বলেন তিনি।
“অস্ট্রেলিয়ার মাঠ যেহেতু বড়, সেহেতু আপনার হাতে অনেক উপায় আছে। আপনি বোলিংয়ে অনেক বৈচিত্র আনতে পারেন। এ ধরণের মাঠে আপনি কোনো ভুল করতে এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কোনো সুযোগ দিতে পারেন না।”
পরিসংখ্যানও আশা দেখাচ্ছে না জিম্বাবুয়েকে। এ পর্যন্ত দুই দল ৫৬ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। তার ৪৪টিতে ভারত ও ১০টিতে জিম্বাবুয়ে জয়ী; বাকি দুই ম্যাচ টাই।
তারপরও টেইলর আশাবাদী। বিশ্বকাপের একাদশ আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় জিম্বাবুয়ের ওপর ‘চাপ’ নেই। গণমাধ্যমে খবর এসেছে দলটির কেউ কেউ মাছ ধরে বেড়াচ্ছে। এ নিয়ে প্রশ্নের জবাবে টেইলর জানান, দলের একজন মাত্র সদস্য মাছ ধরতে গিয়েছিল, বাকিরা ভারতের বিপক্ষে ম্যাচের জন্য তৈরি হয়েছে।
