২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাউকেই ভয় পায় না আফগানরা!

প্রতিপক্ষ ইংল্যান্ড ক্রিকেট ঐতিহ্য আর শক্তির ব্যবধানে যতই এগিয়ে থাকুন না কেন, তাদেরকে মোটেই ভয় না পাওয়ার কথা জানিয়েছেন হামিদ হাসান। এসসিজির উইকেটে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের গতি পরীক্ষায় ফেলার ঘোষণাও দিয়েছেন আফগানিস্তানের এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 06:31 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবারে এগারো বিশ্বকাপ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ ইংল্যান্ডের মুখোমুখি হবে নবাগত আফগানিস্তান। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে মোটেই ভয় না পাওয়ার কথা বলেন তিনি।

“ভয়? আফগান কখনোই ভয় পাই না; কখনোই না। কোনো ভয় নেই, কিচ্ছু নেই। আমাদের সবসময় সাহসী হয়ে খেলতে হবে। আগামীকালও আমরা সাহসের সঙ্গে খেলব। আফগানরা কখনোই ভয় পায় না।”

গত পাঁচ ম্যাচের চারটিতে হেরে বিশ্বকাপের একাদশ আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। সমান হারে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড আসরে আফগানিস্তানেরও যাত্রা শেষ হবে গ্রুপ পর্বেই। তাই এসসিজির শেষ ম্যাচে দুটি দলই শেষ ভালোর অপেক্ষায় আছে।

হামিদ অবশ্য গত চার ম্যাচের হার ও স্কটল্যান্ডকে হারানোর ম্যাচ থেকে পাওয়া শিক্ষা ইংল্যান্ডের বিপক্ষে কাজে লাগাতে প্রত্যয়ী। বিশেষ করে মর্গ্যানের ব্যাটিং লাইনআপনকে পরীক্ষা নিতে দলের পেসাররা মুখিয়ে আছেন বলেও জানান হামিদ।

“আমরা যদি পরিকল্পনা অনুযায়ী যেতে পারি এবং ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল ফেলতে পারি, তাহলে সম্ভবত তাদেরকে (ব্যাটসম্যান) যত দ্রুত সম্ভব শিকার করতে পারব।”

“আমাদের খুব ভালো বোলিং আক্রমণ আছে এবং আশা করি আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে আমরা কিছু ভালো পারফরম্যান্স করতে পারব”, যোগ করেন এই ডানহাতি পেসার।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডের দুঃসময়ের সুযোগ কাজে লাগানোর চাওয়াটা আগেই জানিয়েছিলেন আফগানিস্তান কোচ অ্যান্ডি মোলস। বৃহস্পতিবার তিনি জানান, সিডনির ম্যাচের জন্য তার শিষ্যরা সবাই তৈরি।

“দলের ১৫ জনই ‘ফিট’ আছে এবং সবাইকে পাওয়া যাবে। হ্যাঁ, ইংল্যান্ড অবশ্যই কঠিন সময়ের মধ্যে আছে। অবশ্যই এ আসরটা তারা ভুলতে চাইবে। কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি, আমাদের সম্ভাবনা আছে। কাউকে বিস্মিত করতে এখানে এসেছি আমরা।”