২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে আফগানিস্তানের হুমকি

বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়া ইংল্যান্ডকে এবার হুমকি দিচ্ছে আফগানিস্তান। দলটির কোচ অ্যান্ডি মোলসের বিশ্বাস, তার খেলোয়াড়রা ভালো খেললে এবং স্নায়ুর চাপ ধরে রাখতে পারলে ইংলিশদের হারানো খুবই সম্ভব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 11:14 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে পাঁচটি করে ম্যাচ খেলে এই দুটি দলই একটা করে ম্যাচ জিতেছে। দুই দলই তাদের একমাত্র জয়টা পেয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে। 
 
দুই দলের কারোরই কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা নেই। আফগানিস্তান সেটা নিয়েও ভাবছেও না। কোচ মোলস যেমন জানালেন, এই টুর্নামেন্টে তারা এসেছে বিশ্বকে দেখাতে যে, আফগানিস্তান কি করতে পারে। 
 
অন্যদিকে, ইংল্যান্ড শিরোপা লড়াইয়ে ‘ফেভারিট’ না থাকলেও গ্রুপ পর্ব থেকেই তাদের ছিটকে পড়াটা হয়তো কেউই ভাবেনি। কিন্তু ধারাবাহিকভাবে বাজে খেলে এক ম্যাচ আগেই শেষ হয়ে গেছে দলটির বিশ্বকাপ পথচলা।
 
আর দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংলিশদের ওই খারাপ সময়ের সুযোগটাই নিতে চাচ্ছেন আফগানিস্তান কোচ। 
 
“এখন আমরা ইংল্যান্ডকে পেয়েছি এবং অবশ্যই এই মুহূর্তে তারা সেরা ফর্মে নেই। এখনও আমাদের মধ্যে (প্রতিপক্ষকে) ভয় পাইয়ে দেওয়ার কিছু আছে এবং আশা করি (শুক্রবার) যদি আমরা ভালো খেলতে পারি এবং আমরা আমাদের স্নায়ু ধরে রাখতে পারি... আমাদেরকে আমাদের সেরাটা খেলতে হবে এবং ইংল্যান্ড যদি তাদের সেরা রূপে না থাকে...তাহলে আমরা একটা চমক দিতে পারি।”
 
গত সোমবার অ্যাডিলেইড ওভালে বাংলাদেশ যেভাবে ইংল্যান্ডকে হারালো, তা থেকেও তার দল অনেক কিছু শিখেছে বলে জানান মোলস।  
 
আগামী শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।