রাজশাহীর ওপর ঢাকার আধিপত্য
রাজশাহী বিভাগের বিপক্ষে জাতীয় লিগের সপ্তম ও শেষ রাউন্ডে চালকের আসনে বসেছে ঢাকা বিভাগ। তৃতীয় দিনের খেলা শেষে ২৭৬ রানের লিড নিয়েছে তারা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৯ রান তোলে ঢাকা। প্রথম ইনিংসে ৩১৮ রান করেছিল তারা।
এর আগে রাজশাহী ২৯১ রানে গুটিয়ে গেলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় ঢাকা। ব্যাটিং দৃঢ়তায় লিডটাকে তিনশ’র কাছাকাছি টেনে নিয়েছে তারা।
দ্বিতীয় ইনিংসে ঢাকার পক্ষে রকিবুল হাসান সর্বোচ্চ ৮১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত আছেন নাদিফ চৌধুরী। আরেক অপরাজিত ব্যাটসম্যান মোশাররফ খেলছেন ২ রান নিয়ে।
৭ উইকেটে ২১৬ রান নিয়ে খেলতে নেমে দিনের প্রথমভাগেই বাকি তিন উইকেট হারায় রাজশাহী। ঢাকার পক্ষে ৯৪ রানে ৪ উইকেট নেন মোশাররফ হোসেন।
