২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজের তোপে শিরোপার আরো কাছে খুলনা

মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রাম বিভাগকে ইনিংস ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের এ জয়ে শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা জোরালো করেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 04:20 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বিকেএসপির তিন নম্বর মাঠে বুধবার তৃতীয় দিনেই ইনিংস ও ২৪ রানের জয় তুলে নেয় খুলনা।
 
খুলনার প্রথম ইনিংসে তোলা ৩৬৯ রানের জবাবে প্রথম ইনিংসে ১৯০ রানে গুটিয়ে যাওয়া চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৫৫ রানে।
 
দুই ইনিংস মিলিয়ে চট্টগ্রামের ছয় ব্যাটসম্যাকে আউট করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন মুস্তাফিজ। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের পাঁচ উইকেট নেন খুলনার এই বাঁহাতি পেসার।
 
খুলনার চেয়ে ১৭৯ রানে পিছিয়ে থাকা চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসেও যথারীতি ব্যাটিং বিপর্যয়ের কবলে পড়ে। ব্যাটিং ব্যর্থতায় ৫৪.৪ ওভারেই গুটিয়ে যায় নাফিস ইকবালের দলের দ্বিতীয় ইনিংস।
 
চট্টগ্রাম অধিনায়ক নাফিসকে বিদায় করে বোলিং তাণ্ডব শুরু করেন মুস্তাফিজুর। তার সঙ্গে আব্দুর রাজ্জাকের স্পিন ঘূর্ণির জাদু যোগ হলে চট্টগ্রামের ব্যাটসম্যানরা আর কোঠর থেকে বেরিয়ে আসতে পারেনি।
 
দ্বিতীয় ইনিংসে তাসামুল হক চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন। কিন্তু তা দলের ইনিংস হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
 
মুস্তাফিজ মাত্র ২৮ রানে নেন পাঁচ উইকেট। আর খুলনার অধিনায়ক রাজ্জাক তিন উইকেট নেন ৬৭ রানে।