রংপুর-ঢাকা মেট্রো ম্যাচে আরও দুই শতক
জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রোর রানবন্যার ম্যাচে দ্বিতীয় দিনে আরও দুই জন শতক করেছেন।
দ্বিতীয় দিন শেষে এখনও ১৯২ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো, তাদের হাতে আছে ৬ উইকেট।
প্রথম দিনে লিটন দাসের শতকের পর দ্বিতীয় দিনে রংপুরের আরিফুল হকও শতক করেন। তার অপরাজিত ১১২ রানের ঝড়ো ইনিংসের সাহায্যে সবকটি উইকেট হারিয়ে ৪৯১ রান করে শিরোপা লড়াইয়ে থাকা রংপুর।
৫৬ বলের ইনিংসে ৬টি চার ও ১২টি ছক্কা মারেন আরিফুল।
১৫৬ রানে ৬ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর সফলতম বোলার ইলিয়াস সানি।
সাভারে বিকেএসপির ২ নম্বর মাঠে মঙ্গলবার রংপুরের বড় ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ১৬৪ রানের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু করে ঢাকা মেট্রো। এরপর দ্রুত ৩টি উইকেট হারালেও মেহেদী মারুফের দৃঢ়তায় তারাও বড় ইনিংসের শক্ত ভিত গড়ে।
১৮০ বলে ১৮টি চার ও ১টি ছক্কায় ১৩৮ রান করেন মারুফ। এর আগে রাজশাহীর বিপক্ষেও শতক করেছিলেন তিনি।
