চালকের আসনে সিলেট বিভাগ
বরিশাল বিভাগের বিপক্ষে জাতীয় লিগের সপ্তম রাউন্ডের দ্বিতীয় দিনে চালকের আসনে বসেছে সিলেট বিভাগ। প্রথম ইনিংসের হিসেবে ১৬৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে সিলেট।
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ব্যাটসম্যানদের দৃঢ়তায় আট উইকেটে ৩৩০ রান তোলে সিলেট।
শানাজ আহমেদ, রোমান আহমেদ, রাজিন সালেহ ও অলোক কাপালী-এই চার ব্যাটসম্যানের অর্ধশতকের ইনিংসে ভর করে তিনশ’ পেরুয় সিলেট বিভাগ।
সিলেটের হয়ে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন রাজিন। তার ইনিংসটি ৭টি চার ও ১টি ছক্কায় গড়া।
চার উইকেট নিয়ে বরিশালের সফল বোলার নাসুম আহমেদ। এছাড়া সোহাগ গাজী দুটি উইকেট নেন।
প্রথম ইনিংসে সিলেটের বোলারদের তোপে ১৬৭ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস।
