বাংলাদেশ নয়, ইংল্যান্ডকে পেলেই খুশি হতেন গাভাস্কার
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে হয়তো বাংলাদেশের মুখোমুখি হতে হবে। এই সম্ভাবনাতে যেন একটু দুশ্চিন্তায় পড়ে গেছেন সুনিল গাভাস্কার। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি মনে করেন, শেষ আটে বাংলাদেশের বদলে ইংল্যান্ডকে পেলেই নাকি ভালো হতো মহেন্দ্র সিং ধোনির দলের জন্যে।
অ্যাডিলেইড ওভালে সোমবার পুল 'এ'-তে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে ওঠা নিশ্চিত করে বাংলাদেশ।
এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৫ রান করে বাংলাদেশ। জবাবে মাশরাফি-রুবেলদের দুর্দান্ত বোলিংয়ে ৯ বল বাকি থাকতে ২৬০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
সোমবারের এই ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ভারতের এনডিটিভিকে গাভাস্কার বলেন, "কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলাই ভারতের জন্য সহজ হতো।"
বিশ্বকাপের এবারের আসরে এখন পর্যন্ত দারুণ খেলছে বাংলাদেশ দল। ৫ ম্যাচে মাত্র একটিতে হেরেছে তারা, আর তিনটিতে জিতেছে। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠেই নামতে পারেনি সাকিব-মুশফিকরা।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অনেক এগিয়ে ভারত; ২৮ ম্যাচ খেলে ২৪টিতেই জিতেছে তারা; তিনটিতে জিতেছে বাংলাদেশ, অন্যটি পরিত্যক্ত। তবে যে ৩ ম্যাচে হেরেছে ভারত তার একটি আবার বিশ্বকাপে।
২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে ভারত। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে ওঠার পথেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।
শেষ আটে ভারত-বাংলাদেশের দেখা হওয়াটা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। পুল 'এ'-তে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ। আর ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পুল 'বি'-এর শীর্ষে আছে ভারত।
ভারত যদি তার গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে ওঠে এবং বাংলাদেশ যদি নিজের গ্রুপের চার নম্বর দল হয়, তাহলেই কোয়ার্টার-ফাইনালে ধোনিদের সঙ্গে দেখা হবে তামিম-সাকিবদের।
