জরিমানা দিয়েও মাশরাফির মুখে হাসি
ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার আনন্দের কাছে ছোট-খাট ভুল-ভ্রান্তি যেন হাওয়ায় উড়ে গেল। 'স্লো ওভার রেট' -এর শাস্তি মাশরাফি বিন মুর্তজাকেও মোটেই ভাবাচ্ছে না। তাইতো জরিমানার ব্যাপারটা জানানোর সময়ও হাসি মুখেই ছিলেন বাংলাদেশ অধিনায়ক।
অ্যাডিলেইড ওভালে সোমবার পুল 'এ'-এর ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে নকআউট পর্বে ওঠা নিশ্চিত করে বাংলাদেশ। দারুণ নাটকীয়তায় ভরা এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করায় মাশরাফিকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং তার সতীর্থদের ২০ শতাংশ জরিমানা করে আইসিসি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হাসতে হাসতে মাশরাফি বলেন, "আপনারা হয়তো জানেন না, আমি এর মধ্যে ৪০ শতাংশ আর পুরো দল ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিয়েছি।"
'স্লো ওভার রেটের কারণে' জরিমানার মুখে পড়তে পারেন- ম্যাচ চলার সময়ই আন্দাজ করতে পেরেছিলেন মাশরাফি। সে কথাও সংবাদ সম্মেলনে বলেন তিনি।
ইংল্যান্ডের ইনিংস চলার সময় একটা সময়ের কথা উল্লেখ করে মাশরাফি বলেন, "আমি স্কয়ার লেগে ছিলাম। আমি সাকিবকে বলে দিয়েছিলাম, বোলারের সঙ্গে কথা বলতে। কারণ, আমরা ওভার রেটে পিছিয়ে ছিলাম। আমরা দুই ওভার নিচে ছিলাম। যেন তাড়াতাড়ি বল করা যায় সে জন্য সাকিবকে বলে দেয়া ছিল, বোলারের সঙ্গে কথা বলার জন্য।"
