অ্যাডিলেইডেও থাকছে লাল-সবুজ
পয়ত্রিশ ফুট লম্বা ঢাউস সাইজের লাল-সবুজ জাতীয় পতাকা আনানো হয়েছে বাংলাদেশ থেকে। আনা হয়েছে বাংলাদেশ দলের জার্সি, কপালে বাঁধার ব্যান্ড, হাতে নাড়ানোর ছোট পতাকা সহ নানাকিছু। মেয়েদের অনেকে বলেছেন তারা লাল পাড়ের সবুজ শাড়ি পরবেন। ঢোল করতাল বাঁশিসহ সবকিছু তৈরি। কারণ সোমবার বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা অ্যাডিলেইড ওভালে। এর অপেক্ষা, প্রস্তুতি গোটা দক্ষিন অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশ কমিউনিটিতে।
দেশকে ঘিরে এমন প্রস্তুতি এর আগে কখনো আসেনি প্রবাস জীবনে। কারন বাংলাদেশ এর আগে কখনো খেলেনি অ্যাডিলেইডে। রেডিও বাংলা অ্যাডিলেইডে কাজ করা নাদিরা সুলতানা নদী জানালেন, অ্যাডিলেইডে তাদের রেডিও চ্যানেলই এর আগে খোলা মাঠে কিছু অনুষ্ঠান করেছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নানা প্রোগ্রাম সাধারনত ভাড়া করা হলের মধ্যে হয়। খুব কম বাংলাদেশি পাওয়া যাবে যারা এর আগে কখনও অ্যাডিলেইড ওভালে ঢুকেছেন। কারণ এখানে আগে কখনও বাংলাদেশের খেলা হয়নি। এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে দামি ও ব্যয়বহুল ভেন্যুগুলোর অন্যতম। এখানে খেলার আয়োজন করলে দর্শক হবে না, লোকসান হবে মনে করে তারা এখানে কখনো বাংলাদেশ দলের খেলার আয়োজন করেনি। সে কারনে জীবনে প্রথমবার অ্যাডিলেইড ওভালে ঢোকা নিয়ে তারা খুবই উত্তেজিত।
সোমবার সকালে সবাই গিয়ে জড়ো হবেন দক্ষিন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের সামনে। সেখান থেকে বাংলাদেশ বাংলাদেশ শ্লোগানে মিছিল করে যাবেন অ্যাডিলেড ওভালে। প্রবাসী বাংলাদেশি একজনও থাকবেন না বাংলাদেশ দলের জার্সি ছাড়া। জাতীয় পতাকা, প্ল্যাকার্ড, ঢোল করতাল সব থাকবে সেই মিছিলে। দেশের জন্যে অনেকে বাঘ-সাজে ওভালে যাবার প্রস্তুতি নিয়েছেন।
৫৪ হাজার দর্শকের জায়গা হয় অ্যাডিলেড ওভালে। সোমবারের ম্যাচে কত বাংলাদেশের কত সমর্থক থাকতে পারেন? এ প্রশ্নের উত্তর নিশ্চিত বলা কঠিন। কারন অ্যাডিলেইডে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা ৬ হাজারের বেশি নয়। কাজ ফেলে বা ছুটিছাটা নিয়ে তাদের আড়াই-তিন হাজার মাঠে যেতে পারেন। অনেক সমর্থক গাড়ি চালিয়ে চলে এসেছেন মেলবোর্ন, সিডনি, পার্থ থেকে। অ্যাডিলেইডের কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে তাদের অনেকে গাড়ি সাজাচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকায়। প্রবাসী বাংলাদেশি ব্যাংকার নাজিয়া জেরিন হাসান বললেন, “আমাদের জন্যে এ ম্যাচ যেন ঈদের আনন্দের মতো বিষয়। কারন বাংলাদেশের খেলা যেমন হয়নি, এর আগে দেশের এত সাংবাদিকও এর আগে অ্যাডিলেইডে আসেননি। উল্লেখ্য খেলা উপলক্ষে দেশের ত্রিশ জনের বেশি সাংবাদিক এখন অ্যাডিলেইডে আছেন।
রোববার অ্যাডিলেইড ওভালে গিয়ে দেখা যায়, বাংলাদেশ-ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতের মহড়া চলছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ সুরের সঙ্গে সারা অ্যাডিলেইড ওভাল জুড়ে পর্দায় ভেসে আসে বাংলাদেশের লাল সবুজ পতাকা।
সর্বশেষ ম্যাচে নেলসনে বাংলাদেশ জয়ী হওয়ায়, ইংল্যান্ড নাজুক অবস্থায় থাকায় সোমবারের ম্যাচ নিয়ে বিশেষ এক আশায় সবাই বুক বেঁধে আছেন। টরেন্স নদীর তীরের অ্যাডিলেইড ওভালে সূর্য কী সে সম্ভাবনার বার্তা নিয়ে উদয় হবে সোমবার?
