ভারমুক্তির স্বস্তি ম্যাচ সেরা ম্যাক্সওয়েলের
নড়বড়ে নব্বইয়ের ফাঁদে এবার আর আটকা পড়েননি গ্লেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারে প্রথম ওয়ানডে শতক তুলে নেওয়ার পর তাই ভারমুক্তির স্বস্তি অনুভব করছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে শতক পূরণ করেন ম্যাচ সেরা ম্যাক্সওয়েল। এ ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে দ্রুততম ও বিশ্বকাপের দ্বিতীয়তম শতক করা ব্যাটসম্যান হিসেবে রেকর্ডের পাতায় নামে উঠেছে তার।
এক শতক দিয়ে অনেক প্রাপ্তি হওয়ায় ভারমুক্তির শ্বাস নিচ্ছেন ম্যাক্সওয়েল। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “পিঠের ওপর থেকে বোঝাটা নেমে যাওয়ায় আমি খুশি।”
শ্রীলঙ্কা ম্যাচের আগে তিনবার নব্বইয়ের ঘরে এসে শতক বঞ্চিত হন এই ডানহাতি ব্যাটসম্যান। সিডনিতে ১০টি চার ও চারটি ছক্কায় ১০২ রানের ইনিংস উপহার দিয়ে সে হতাশা কাটিয়ে উঠলেন তিনি।
নিজের প্রথম শতকের অনুভুতি জানাতে গিয়ে সতীর্থ ব্যাটসম্যানদেরও প্রশংসা করেন ম্যাক্সওয়েল, “এটা অনেক মজার ছিল। খেলার জন্য ভালো উইকেট পাওয়াটাও চমৎকার ছিল। আমাদের জন্য টপ অর্ডার তাদের কাজটি দারুণভাবে করেছে।”
সিডনিতে ম্যাক্সওয়েলের লাগাম টেনে ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কার বোলাররা। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের মতো মারকুটে ব্যাটসম্যানদের দমিয়ে রাখতে ব্যর্থ হচ্ছেন প্রতিপক্ষের বোলাররা।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ম্যাক্সওয়েলের কাছে এক সাংবাদিক তার কিংবা ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানদের আটকে রাখার উপায় জানতে চান। অস্ট্রেলিয়ার এই মারমুখী ব্যাটসম্যানের উত্তর ছিল, “সেটা আমি কেন খোলাসা করব? নিয়ম বদলাও, দশজন দিয়ে ঘেরাও দিয়ে রাখ।”
