আফগান মানসিকতার প্রশংসায় ম্যাককালাম
মোহাম্মদ নবি নিজ দলের প্রথমসারির ব্যাটসম্যানদের ধুয়ে দিলেও নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলছেন অন্য কথা। লড়াকু মানসিকতার কারণে প্রতিপক্ষের প্রশংসা করেছেন তিনি।
ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে রোববার আফগানিস্তানের দেয়া ১৮৭ রানের লক্ষ্যে চার উইকেট হারিয়ে পৌঁছে যায় নিউ জিল্যান্ড। বিশ্বকাপের এ আসরে টানা পঞ্চম জয়ের প্রতিক্রিয়ায় প্রতিপক্ষ আফগানিস্তানেরও প্রশংসা করেন ম্যাককালাম।
“আমরা শুরুতে যেভাবে বোলিং করেছিলাম, ৬০ রানের আগে ওদের ছয় উইকেট ফেলে দিয়েছিলাম, কিন্তু আমাদের জন্য একটু কঠিন লক্ষ্য দেওয়ার কৃতিত্ব আফগানিস্তানের।”
স্কোরবোর্ডে ৫৯ রান উঠতেই প্রথম সারির ছয় ব্যাটসম্যানকে হারায় আফগানিস্তান। তবে ভেটোরির স্পিন ও বোল্টের পেস তোপের মধ্যে সামিউল্লাহ সেনওয়ারি ও নাজিবুল্লাহ জাদরান দুই মেজাজের ব্যাটিং করেন। এই দুইজনের অর্ধশতকে দেড়শ’ পেরুতে পারে আফগানিস্তান।
নিউ জিল্যান্ডের সহজ জয়ে বল হাতে দারুণ ভূমিকা রাখেন ড্যানিয়েল ভেটোরি। চার উইকেট নিয়ে ন্যাপিয়ারের ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এই কিউই অলরাউন্ডারকে আলাদাভাবে ম্যাককালাম প্রশংসা করেন।
জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্য নিউ জিল্যান্ড পূরণ করে ৮৩ বল হাতে রেখে। জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেও আরো উন্নতির কথা বলেন স্বাগতিক অধিনায়ক।
“আমি মনে করি, সর্বোপরি ভালো পারফরম্যান্স। আমাদের উন্নতি করা দরকার, কিন্তু সব মিলিয়ে রান চেজটা খারাপ না। আমাদের জন্য খারাপ জয়ও নয়।”
