২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালান্স না হেলস জানাননি মুরস

বাংলাদেশের বিপক্ষে একাদশ নির্বাচন নিয়েই মনে হয় দোটানার মধ্যে আছে ইংল্যান্ড। নানা দিক থেকে নানা ধরণের পরামর্শ আসছে। কেউ কেউ আবার অনুজ্জ্বল গ্যারি ব্যালান্সকে বাদ দিয়ে অ্যালেক্স হেলসকে সুযোগ দিতে বলছেন। কিন্তু বাংলাদেশের বিপক্ষে এই দুজনের কে খেলবে তা এখনো জানাননি কোচ পিটার মুরস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 03:17 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

বিশ্বকাপের আগেও ভালোই ফর্মে ছিলেন ইংল্যান্ডের টপঅর্ডার ব্যাটসম্যান ব্যালান্স। কিন্তু বিশ্বকাপে আসার পর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি।

বিশ্বকাপের ইংল্যান্ডের খেলা চারটি ম্যাচেই ব্যাট করেন ব্যালান্স। মাত্র ৯ গড়ে ৩৬ রান করেন তিনি।

হেলস এ পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচ খেলেননি। তবে বিশ্বকাপের আগে সিডনিতে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে ৩১ রান করেন তিনি। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২২ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়, হেলস ব্যাটই করেননি।

ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার বব উইলিস এই ম্যাচে ব্যালান্সের পরিবর্তে হেলসকে খেলানোর পরামর্শ দেন। চাইলে হেলসকে ব্যালান্সের তিন নম্বর পজিশনে ব্যাটিং করানো যায়, অথবা মইন আলির সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পাঠানো যায় বলেও মনে করেন তিনি।

একাদশ ঠিক করে ফেললেও এখনই এটা ঘোষণা করতে চান না বলে জানান মুরস।

"এগারজন কারা সেটা নিয়ে এখন আমরা পরিষ্কার এবং আমরা এটা আগামীকাল (সোমবার) টসের সময় ঘোষণা করব।"

মুরস অবশ্য ব্যালান্সেই ভরসা রাখছেন বলে মনে হয়।

"গ্যারি (ব্যালান্স) সত্যি ভালো একজন খেলোয়াড়। তার কঠিন সময় যাচ্ছে। আমি মনে করি, সে এটা জানে। কিন্তু এর মানে এই নয় যে, সে ভালো খেলোয়াড় নয়।"

পুরনো খবর:

ইংল্যান্ডের বাঁচা-মরার ম্যাচে 'ফেভারিট' বাংলাদেশ