অস্ট্রেলিয়া ম্যাচে দলের টপ অর্ডারে তাকিয়ে নবি
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজ দল নিয়ে দারুণ আশাবাদী আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি। এ ম্যাচে ভালো ফল পাওয়ার আশা নিয়ে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের জ্বলে ওঠার আহ্বানও জানিয়েছেন তিনি। আর শিষ্যদের ওপর আস্থা থাকার কথা জানান আফগান কোচ পিটার অ্যান্ডারসন।
পার্থে বুধবার বিশ্বকাপের অন্যতম স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নবাগত আফগানিস্তান। ওয়ানডের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নদের সমীহ করলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না নবি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেতে হলে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের শুরু থেকে জ্বলে ওঠার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
“অবশ্যই, আমাদের টপ অর্ডার ভালো করছিল না। টপ অর্ডারে জাভেদ আহমাদি ভালো পারফরম করেছে এবং লোয়ার অর্ডারে সামিউল্লাহ সেনওয়ারি ভালো কাজ করেছে। কিছু ম্যাচে আমি নিজেও সাড়া দিতে পারিনি।”
উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ আহমাদি এবং মিডল অর্ডারে সামিউল্লাহ সেনওয়ারি মতো বাকিদেরও অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্বলে উঠতে হবে বলে মনে করেন নবি।
“গত দুই বা তিন দিন আমরা প্রস্তুতি নিয়েছি। পরের সেশনে টপ অর্ডার এবং ব্যাটসম্যানদের নিয়ে আমরা কঠোর পরিশ্রম করবো। আশা করি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো পারফর্ম করবে তারা।”
পার্থের গ্যালারি অস্ট্রেলিয়ার পক্ষে থাকবে। তবে আফগান কোচ পিটার অ্যান্ডারসন দল নিয়ে আত্মবিশ্বাসী, “ছেলের দারুণ আত্মবিশ্বাসী। এটা আমাদের জন্য আফগানিস্তানে কি মেধা আছে, তা ক্রিকেট বিশ্বকে দেখানোর সুযোগ এবং আমি জানি ছেলেরা তাদেরকে গর্বিত করবে।”
নিজেদের সবশেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয় আফগানিস্তান। অস্ট্রেলিয়া ম্যাচের অনুপ্রেরণা আগের ওই জয় থেকে নেয়ার কথাও জানান কোচ।
“দেখুন, স্কটল্যান্ডের বিপক্ষে জিতে আমরা এসেছি। তো ওই জয় ছেলেদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমরা জানি, আমরা বিশ্বের অন্যতম সেরা দল এবং নিশ্চিতভাবে বিশ্বের সেরা পেস আক্রমণভাগের মুখোমুখি হতে যাচ্ছি।”
