২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের জন্য জয় চায় আফগানরা

বিশ্বকাপে প্রথম খেলতে যাওয়া দলের কাছ থেকে ভালো কিছু চায় আফগানিস্তানের মানুষ। তাদের সেই প্রত্যাশা পূরণের প্রত্যয় আছে দেশটির খেলোয়াড়দের মাঝে। দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতেই স্কটল্যান্ডের বিপক্ষে তারা জিততে চায় বলে জানিয়েছেন আফগানিস্তানের ব্যাটসম্যান জাভেদ আহমাদি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 01:44 PM

Updated : 12 Oct 2022, 03:20 PM

বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আফগানিস্তান ও স্কটল্যান্ডের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভো্র ৪টায়।

আইসিসির দুই সহযোগী দেশের লড়াইয়ের আগে স্কটল্যান্ডকে হারানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারা আফগানদের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে খুব ভালো খেলা।

ম্যাচের আগের দিন বুধবারের সংবাদ সম্মেলনে নিজেদের আত্মবিশ্বাসের কথা বলেন আহমাদি।

“সবশেষ ম্যাচগুলো আমাদের জন্য ভালো ছিল এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটির জন্য উন্মুখ হয়ে আছি আমরা। আমাদের সাধ্যমতো চেষ্টা করব এবং ইনশাহআল্লাহ সেরাটা দিতে পারব।”

বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হারের পর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারে আফগানিস্তান। হারের ব্যবধান দেখে অবশ্য পুরো ম্যাচটি বোঝানো যাবে না। ম্যাচের শেষ দিকে শ্রীলঙ্কাকে বেশ চাপেই ফেলেছিল তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে আর দেশের মানুষের ভালোবাসাকে পূঁজি করে স্কটল্যান্ডকে হারাতে চায় আফগানিস্তান।

আহামাদি বলেন, “দুই দলই সহযোগী বলে এই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি, স্কটল্যান্ডকে ভালোভাবেই হারাব আমরা। …আমরা দেশকে উপস্থাপন করছি, তাই সবাই উন্মুখ হয়ে আছে এবং সবাই জিততে চায়।”