ক্যাসিনো বিতর্কে বিশ্বকাপ ছাড়লেন মইন
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ক্যাসিনোতে গিয়ে বিতর্কের জন্ম দেওয়া পাকিস্তানের প্রধান নির্বাচক মইন খানকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মইনের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলেও নিশ্চিত করেছেন দেশটির টিম ম্যানেজার নাভিদ চিমা।
আর তদন্ত শেষ না হওয়া কিংবা এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত নাভিদ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বিশ্বকাপ দলে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্বকাপ অভিযানের মাঝে মইন চলে গেলেও তা দলের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন পিসিবি প্রধান শাহরিয়ার খান।
মইনের বিরুদ্ধে তদন্ত প্রসঙ্গে পিসিবি প্রধান মঙ্গলবার লাহোরে সাংবাদিকদের বলেন, “আমরা এই ঘটনার তদন্ত করেছি এবং ক্রাইস্টচার্চের একটি ক্যাসিনোতে যাওয়ার কথা মইন স্বীকার করেছেন। তবে মইন বলেন, বন্ধুদের সঙ্গে সেখানে রাতের খাবার খেতে গিয়েছিলেন তিনি।”
পাকিস্তান দলে নতুন এই বিতর্কের শুরু হয় দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে। প্রতিবেদনে বলা হয়, প্রধান নির্বাচক মইন ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের আগে একটি ক্যাসিনোতে গিয়েছিলেন। তারই প্রেক্ষিতে পিসিবি প্রধান ঘটনাটি যাচাই করে দেখবে বলে জানায়।
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে একাদশ বিশ্বকাপে এখনও জয়ের মুখ দেখেনি পাকিস্তান। ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর ক্যারিবীয়দের কাছে ১৫০ রানে হারে তারা।
তার আগে নিউ জিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজেও হারে মিসবাহ-উল-হকের দল। এই বাজে পারফরম্যান্সে এমনিতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে দলটি। তার সঙ্গে বারবার যোগ হচ্ছে মাঠের বাইরের বিতর্ক।
বিশ্বকাপ মিশনের শুরুতে রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল অভিজ্ঞ অলরাউন্ডার শহীদ আফ্রিদিসহ পাকিস্তানের আট খেলোয়াড়। বন্ধুদের সঙ্গে রাতের খাবার খেয়ে ফেরার পথে প্রায় ৪৫ মিনিট দেরি করে তারা। সেজন্যে অভিযুক্ত সবাইকে জরিমানাও করা হয়।
আর গত মঙ্গলবার দেশটির গণমাধ্যমে জানায়, ভারতের কাছে হারের পর আফ্রিদি, উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও উমর আকমলের সঙ্গে তর্কে জড়িয়ে ফিল্ডিং কোচ লুডেন পদত্যাগ করেছেন। পিসিবি অবশ্য খবরটি অস্বীকার করে।
