‘আল-আমিনের সঙ্গে বাজিকরদের যোগাযোগ ছিল না’
আল-আমিন হোসেনের সঙ্গে বাজিকরদের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমের দাবি উড়িয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কেবল শৃঙ্খলাভঙ্গের জন্য এই পেসারকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, দলের বিধি-নিষেধ ভেঙে রাত ১০টার পর হোটেলে ফেরেন আল-আমিন। বাংলাদেশের কিছু গণমাধ্যমে এ নিয়ে যে প্রতিবেদনটি আসে তাতে বলা হয়, কিছুদিন থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি ও নিরাপত্তা ইউনিট (আকসু) আল-আমিনকে নজরে রাখে। বাজিকরদের সঙ্গে তার সম্পর্ক আছে বলে তারা জানিয়েছে।
এ ধরণের প্রতিবেদন উড়িয়ে দিয়ে ইউনুস বলেন, “আকসু আমাদের বলেছে হোসেনের বিপক্ষে তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি, কারণ দলের নির্দেশ না মানার ক্ষেত্রে আমাদের কাছে কোনো ছাড় নেই।”
“বাজিকরদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার খবরটিতে কোনো সত্যতা নেই”, দাবি করেন তিনি।
বাংলাদেশের কিছু গণমাধ্যমে ছাপা হয়, আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার জন্য ক্যানবেরাতে থাকার সময় আকসু আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করে। চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে গিয়ে নাম না জানা একজন ভারতীয় বাজিকরের সঙ্গে দেখা হয় বলে স্বীকার করেন আল-আমিন।
কিছু প্রতিবেদনে নাম প্রকাশ অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, আল-আমিন এ নিয়ে একেকবার একেক কথা বলে ফেঁসে যান। কখনো তিনি সিম কার্ড কিনতে বাইরে যাওয়ার কথা বলেন, কখনও নৈশ ক্লাবে যাওয়ার কথা বলেন। কিন্তু জেরার এক পর্যায়ে তিনি নাকি এক বাজিকরের সঙ্গে নৈশ ক্লাবে যাওয়ার কথা স্বীকার করেন। এরপরই নাকি তাকে দল থেকে বাদ দিয়ে দেশে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবি আগেই জানিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষে দলের ম্যানেজারের প্রতিবেদন পেয়ে এ বিষয়ে তদন্ত করা হবে।
