আলোচনায় শূন্য রানে গেইলের ‘বেঁচে যাওয়া’
বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারা আর দ্রুততম দ্বিশতক- গেইলের এত রেকর্ড গড়ার পরও ম্যাচ শেষে ঠিকই জোর আলোচনায় আসছে শূন্য রানে এলবিডব্লিউ থেকে তার ‘বিস্ময়করভাবে’ বেঁচে যাওয়ার বিষয়টি। জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা তো নিজেদের এজন্য ‘দুর্ভাগা’ ভাবছেন।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেরার ম্যানুকা ওভালে জিম্বাবুয়েকে ৭৩ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে গেইলের ১৪৭ বলে ২১৫ রানের ইনিংসে ৩৭২ রান তোলে তারা। এরপর জিম্বাবুয়েকে ২৮৯ রানে অলআউট করে দিয়ে বড় জয় তুলে নেয় জ্যাসন হোল্ডারের দল।
ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ব্যাটসম্যান অবশ্য কোনো রান না করেই ফিরে যেতে পারতেন সাজঘরে। প্রথম ওভারের চতুর্থ বলেই জোরালো এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। রিভিউ নেয় জিম্বাবুয়ে, তাতে আম্পায়ার স্টিভ ডেভিসের সিদ্ধান্ত পাল্টায়নি। সেটি ছিল গেইলের মুখোমুখি হওয়া প্রথম বল। ওয়েস্ট ইন্ডিজ তখন ১ উইকেট হারিয়ে মাত্র ১ রান তুলেছিল।
ম্যাচ শেষে চিগুম্বুরা বলেন, “গেইলের এলবিডব্লিউটা (না হওয়া) দুর্ভাগ্যের, কিন্তু সে আজ বড় একটা ইনিংস খেলেছে।”
এই এলবিডব্লিউ না দেওয়াটা টিভি ধারাভাষ্যকার শেন ওয়ার্ন ও পমি এমবাংয়াও মানতে পারেননি। দুজনই সেই সময়ই হক আইয়ের সমালোচনা করেন।
জিম্বাবুয়ে রিভউ চাওয়ার পর প্রাথমিক টিভি রিপ্লেতে দেখা যায়, টিনাশে পানিয়াঙ্গারার বলটি লাইনেই পিচ করেছিল এবং স্ট্যাম্পের সামনে গেইলের হাঁটুর নিচেই তা আঘাত করে।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ওয়ার্ন আর জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার এমবাংয়ার ধারণা ছিল, আম্পায়ার ডেভিসের দেওয়া সিদ্ধান্ত ভুল প্রমাণিত হবে এবং গেইলকে আউট দেওয়া হবে।
কিন্তু হক আইয়ের ‘বল-ট্র্যাকিং’ পদ্ধতি দেখায় বলটি স্ট্যাম্পের ওপরের দিকে বেলে লাগত। এর মানে দাঁড়ায়, আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকবে এবং গেইল বেঁচেও যান। কিন্তু ওয়ার্ন আর এমবাংওয়া এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
এমবাংওয়া বলেন, “আমি মনে করি, সে একটি বুলেট এড়িয়ে গেল। সে নিশ্চয়ই নিজেকে ভাগ্যবান ভাবতে যাচ্ছে।”
ওয়ার্ন এর সঙ্গে যোগ করেন, “এটা আমার কাছে ঠিক মনে হয়নি। এটা স্ট্যাম্পের ওপর দিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার মনে হয়, এটা স্ট্যাম্প ভেঙে দিত। বলটিকে (হক আইয়ের প্রজেকশনে) এত বাউন্স করতে দেখে আমি বিস্মিত হয়েছি।”
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডারের এসব নিয়ে চিন্তা করার কথা নয়, তিনি তা করছেনও না। ম্যাচ শেষে গেইলের প্রশংসায় মেতেছেন তিনি।
“ক্রিস খুব ভালো আনন্দদায়ক খেলোয়াড়, ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়দের মধ্যে বেশি শতক তার।”
