২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাসিনোতে গিয়ে বিতর্কে মইন

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের বিশ্বকাপ দলকে। দেশটির গণমাধ্যমের দাবি, দলটির প্রধান নির্বাচক মইন খান ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের আগে একটি ক্যাসিনোতে গিয়েছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘটনাটি যাচাই করে দেখবে বলে জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 10:08 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

সোমবার লাহোরে পিসিবি প্রধান শাহরিয়ার খান গণমাধ্যমকে বলেন, “মইনের সঙ্গে আমি কথা বলেছি এবং তার একটা ব্যাখ্যা আমরা চেয়েছি। আমাদের দল যখন খারাপ করছে, এই সময়ে তার ক্যাসিনোতে যাওয়াটা ঠিক নয়।”

পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়, ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৫০ রানে হারের আগের দিন রাতে ক্যাসিনিতো গিয়েছিলেন মইন খান। এটাই বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানের হার।

অনাকাঙ্খিত এই ঘটনা ঘটানোর পরও মইনকে এখনই দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিচ্ছে না পিসিবি।

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে একাদশ বিশ্বকাপে এখনও জয়ের মুখ দেখেনি পাকিস্তান। ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর ক্যারিবীয়দের কাছে বিশাল ব্যবধানের হারে তারা। তার আগে নিউ জিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজেও হারে মিসবাহ-উল-হকের দল। এই বাজে পারফরম্যান্সে এমনিতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে দলটি। তার সঙ্গে বারবার যোগ হচ্ছে মাঠের বাইরের বিতর্ক। বিশ্বকাপ মিশনের শুরুতে রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল অভিজ্ঞ অলরাউন্ডার শহীদ আফ্রিদিসহ পাকিস্তানের আট খেলোয়াড়। বন্ধুদের সঙ্গে রাতের খাবার খেয়ে ফেরার পথে প্রায় ৪৫ মিনিট দেরি করে তারা। সেজন্যে অভিযুক্ত সবাইকে জরিমানাও করা হয়। আর গত মঙ্গলবার দেশটির গণমাধ্যমে জানায়, ভারতের কাছে হারের পর আফ্রিদি, উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও উমর আকমলের সঙ্গে তর্কে জড়িয়ে ফিল্ডিং কোচ লুডেন পদত্যাগ করেছেন। পিসিবি অবশ্য খবরটি অস্বীকার করে।