২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোসাদ্দেকের শতকে শক্ত ভিতে বরিশাল

দাপুটে ব্যাটিংয়ে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম পর্বের ম্যাচের প্রথম দিনে শক্ত ভিতে দাঁড়িয়ে গেছে বরিশাল বিভাগ। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম দিনের খেলা শেষে ছয় উইকেটে ৪১৭ রান তুলেছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 05:59 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির দুই নম্বর মাঠে সোমবার বরিশালের বড় সংগ্রহে দারুণ ভূমিকা রাখেন মোসাদ্দেক হোসেন। ১৬৬ বলে ১৫০ রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত আছেন তিনি।

মোসাদ্দেক মঙ্গলবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন আরেক অপরাজিত ব্যাটসম্যান সালমান হোসেইনকে (২৪) সঙ্গে নিয়ে।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও বরিশালের শুরুটা ভালো হয়নি। পঞ্চম ওভারের শেষ বলে মেহেদি হাসান রানার বলে ইরফান শাকুরকে শাহরিয়ার নাফীস ক্যাচ দিলে ভাঙে বরিশালের উদ্বোধনী জুটি।

দলীয় ৪৪ রানে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সাফি হাসানকেও হারায় বরিশাল। ২২ রান তোলার পর ইফতেখার সাজ্জাদ রনির বলে ইরফানকে ক্যাচ দেন তিনি।

এরপর ফজলে রাব্বি (৩৬) ও সজিব (৪৫) শুরুর ধাক্কা সামলে আউট হলেও মোসাদ্দেক হাল ধরায় পথ হারায়নি বরিশাল। চারটি মূল্যবান জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন মোসাদ্দেক।

২০টি চার ও দুটি ছক্কায় ১৫০ রানের ইনিংস খেলার পথে পঞ্চম উইকেট জুটিতে সোহাগ গাজীকে সঙ্গে নিয়ে দলের সঞ্চয়ে ১৩৮ রান জমা করেন মোসাদ্দেক।

শতক পূরণের খুব কাছাকাছি গিয়ে ফেরেন সোহাগ। ছয়টি করে চার-ছয় মেরে ৯৪ রান তোলা স্পিনার ফয়সাল হোসেইনের বলে ইরফানকে ক্যাচ দেন।

চট্টগ্রাম বিভাগের ফয়সাল দুই উইকেট নিয়ে দিনের সফল বোলার। এছাড়া মেহেদি, সাইফুদ্দিন, রনি ও নুর হোসেইন একটি করে উইকেট নেন।