উইন্ডিজ-জিম্বাবুয়ের এগিয়ে যাওয়ার লড়াই
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ শেষে এক বৃত্তে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। শেষ ম্যাচের জয় স্বস্তি হয়ে এসেছে দুই শিবিরেই। মুখোমুখি লড়াইয়ে জিতে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী করার সুযোগ তাদের সামনে।
মঙ্গলবার ক্যানবেরার ম্যানুকা ওভালে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় খেলা শুরু হবে।
আয়ারল্যান্ডের কাছে হেরে বাজে ভাবে বিশ্বকাপ অভিযান শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ায় পরের ম্যাচেই। পাকিস্তানের বিপক্ষে দেড়শ’ রানের বড় জয়ে এখন দারুণ উজ্জ্বীবিত জ্যাসন হোল্ডারের দল।
হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলেছেন ক্রিস গেইল। শুরুতেই ফিরে গিয়ে দলকে চাপে ফেলছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। নিজের ছায়া হয়ে আছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ।
দলের দুর্ভাবনা আরো বাড়িয়েছে ড্যারেন ব্র্যাভোর চোট। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন না এই টপ অর্ডার ব্যাটসম্যান।
শুরুটা ভালো না হলেও শেষটা দারুণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। আগের দুই ম্যাচেই শেষ ১০ ওভারে একশ’ রানের বেশি সংগ্রহ করে লড়াইয়ের পুঁজি গড়ে তারা। দুই ম্যাচেই শেষ দিকে ঝড় তুলেন দুই অলরাউন্ডার ড্যারেন স্যামি ও আন্দ্রে রাসেল।
মিডলঅর্ডারে লেন্ডল সিমন্স, দিনেশ রামদিন ও মারলন স্যামুয়েলস নির্ভরতা দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে।
নতুন বলে জেরোম টেইলর পরীক্ষায় ফেলতে পারেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। হোল্ডার, স্যামি, রাসেলের কাছ থেকে ভালো সহায়তা পাবেন এই পেসার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে শুরুটা দারুণ হলেও শেষরক্ষা করতে পারেনি জিম্বাবুয়ে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম জয় তুলে নেয় তারা।
আয়ারল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের পর ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর লড়াইটা অনেক বেশি উন্মুক্ত। ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের সঙ্গে শেষ চারের লড়াইয়ে ভালো ভাবেই আছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের পুঁজি গড়তে হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামসদের দিকে তাকিয়ে থাকবে জিম্বাবুয়ে।
নতুন বলে ভালো শুরু এনে দেয়ার সামর্থ্য আছে টেন্ডাই চাটারা ও টিনাশে পানিয়াঙ্গারার। এল্টন চিগুম্বুরার দলের সমস্যা পুরোনো বলে। শেষ দিকে প্রচুর রান দেন আফ্রিকার দলটির বোলাররা।
কোয়ার্টার-ফাইনালে খেলতে হলে টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে অন্তত একটি জয় পেতেই হবে তাদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সুযোগ হাতছাড়া হয়েছে জিম্বাবুয়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সুযোগটি আর হাতছাড়া করতে চায় না তারা।
গত দশ বছরে মাত্র দুবার ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছে জিম্বাবুয়ে। এটাই বলে দেয়, কাজটা কত কঠিন হতে যাচ্ছে ডেভ হোয়াটমোরের শিষ্যদের জন্য।
