'নিউ জিল্যান্ডকে হারাতে সেরাটা দিতে হবে অস্ট্রেলিয়াকে'
নিউ জিল্যান্ডকে হারাতে হলে অস্ট্রেলিয়াকে তাদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মনে করেন স্টিভেন স্মিথ। সাইক্লোনের কারণে অনুশীলন বিঘ্নিত হওয়ায় সেরাটা দেয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন দেশটির মিডলঅর্ডার এই ব্যাটসম্যান।
বিশ্বকাপের দুই আয়োজক ও অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের ম্যাচটি অকল্যান্ডে হবে আগামী শনিবার। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
এই ম্যাচের আগেই উত্তেজনার রেণু উড়ছে চারদিকে। শুরু হয়েছে কথার লড়াই। ম্যাচটিকে নিয়ে কথা বলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা স্মিথ। নিউ জিল্যান্ডের মাঠে খেললেও এই ম্যাচটিতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
“নিউ জিল্যান্ড কঠিন প্রতিপক্ষ এবং নিজেদের মাঠে তারা ভালো ক্রিকেট খেলছে। তাদের হারাতে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।”
কুইন্সল্যান্ড উপকূলে সাইক্লোন ম্যার্সিয়ার আঘাত হানার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয় ব্রিসবেনে। এই শহরের গ্যাবা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচটিও পণ্ড হয়।
গত বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে বৃষ্টি হওয়ায় ঠিকভাবে অনুশীলনও করতে পারেনি অস্ট্রেলিয়া। অনেকেই মনে করেন, এর প্রভাব নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পড়বে। কিন্তু স্মিথ তা মনে করেন না।
“আমি মনে করি, আমরা ভালোই খেলব। আমরা অনেক খেলছি, তাই একদিন ছুটি কাটানো খারাপ কিছু নয়”
