২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে হেলাফেলা করতে বারণ রাসেলের

বিধ্বংসী ব্যাটিংয়ের পর বল হাতেও আগুন ঝরিয়ে ক্রাইস্টচার্চে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। পাকিস্তানকে ১৫০ রানের বড় ব্যবধানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের এই পেসার দাবি করেছেন, তাদের দলটি মোটেও হেলাফেলা করার মতো নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 06:30 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

ক্রাইস্টচার্চে শনিবার হার না মানা ৪২ রানের ইনিংস খেলার পর বল হাতেও ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রাসেল।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় আয়ারল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি মনে করি, গত ম্যাচটা আমাদের ভালো যায়নি; আমরা আজ ঘুরে দাঁড়িয়েছি এবং বিশ্বকে দেখাতে চেয়েছিলাম যে, আমরা হেলাফেলা করার নয়। আমরা সবসময় ভালো দল এবং লড়াই করতে পারি।”

ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে এসে পাকিস্তানের বোলারদের ঘাম ছুটিয়ে দেন রাসেল। মাত্র ১৩ বলে তিন চার ও চার ছক্কার তাণ্ডব দিয়ে ৪২ রান তুলে নেন তিনি।

বল হাতেও মিসবাহ-উল-হকের ব্যাটিং লাইনআপের মিডল অর্ডার ধসিয়ে দেন এই ডান-হাতি পেসার। প্রতিপক্ষ দলের অধিনায়ক মিসবাহ-উল-হক, উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল ও ওয়াহাব রিয়াজকে ফেরান তিনি।

প্রস্তুতি ম্যাচে মাত্র দুই উইকেট পেলেও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উইকেটশূন্য ছিলেন রাসেল। সে ব্যর্থটা কাটাতে পারায় খুশি ২৬ বছর বয়সী এই পেসার। রাসেল জানান, পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেয়ার মতো অবস্থায় বল হাতে পেয়েছিলেন তিনি।

ম্যাচ সেরা পুরস্কার পেলেও মিসবাহদের বিপক্ষে পাওয়া বড় জয়ের কৃতিত্ব পুরো দলকে দিচ্ছেন রাসেল, “ব্যাটসম্যানরা মিডল অর্ডারে ভালো কাজ করেছে। জেরোম টেইলর ও জেসন হোল্ডারের নিখুঁতভাবে আমার জন্য মঞ্চটা আবারো তৈরি করে রেখেছিল।”