আফগানিস্তানের বিপক্ষেও সতর্ক শ্রীলঙ্কা
পরাজয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর ধাক্কাটা কাটিয়ে উঠতে আফগানিস্তানকে সামনে পেয়েছে শ্রীলঙ্কা। তবে আইসিসির সহযোগী এই দেশটির বিপক্ষেও বেশ সতর্ক এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি দেশটি। বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ অভিষেক হলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেও বেশ আত্মবিশ্বাসী আফগানিস্তান।
রোববার সহ-আয়োজক নিউ জিল্যান্ডের ডানেডিনের ইউনাভার্সিটি ওভালে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কার দিকে অনেকেই তাকিয়ে ছিল। সবাই দেখতে চেয়েছে, বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড সফরে বাজে সময় কাটানো দেশটি বড় উপলক্ষে নিজেদের কিভাবে জাগিয়ে তোলে।
ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং-সব বিভাগেই বাজে পারফরম্যান্স করে নিউ জিল্যান্ডের কাছে ৯৮ রানে হারে শ্রীলঙ্কা। এটা নিয়ে সবশেষ খেলা ৫টি ওয়ানডের ৪টিতেই হারা শ্রীলঙ্কা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস দেখছেন ফেরার উপলক্ষ হিসেবে। তবে ‘পঁচা শামুকে’ যেন পা কেটে না যায়, তা নিয়েও সতর্ক তিনি।
“আমরা জানি, আফগানিস্তান একটি ইতিবাচক, আক্রমণাত্মক দল। আপনি তাদের হালকাভাবে নিতে পারেন না এবং আমরা সেরা একাদশই খেলাচ্ছি।”
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ১০৫ রানে হারলেও আফগানিস্তান মানসিকভাবে মোটেই ভেঙে পড়েনি। হামিদ হাসান ও শাপুর জাদরানের সমন্বয়ে তাদের বোলিং আক্রমণাটা ভালো। আর নিজেদের দিনে তাদের ব্যাটসম্যানরা প্রতিপক্ষের ভালো বোলিং আক্রমণকেও অকার্যকর করে দিতে পারে।
আফগানিস্তানের কোচ অ্যান্ডি মোলসও এখনো তার খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষেই মোলস বলেছিলেন, বিশ্ব এখনো আফগানিস্তানের আসল খেলা দেখেনি। আর শ্রীলঙ্কা ম্যাচের আগেও একই বিশ্বাসের কথা জানান তিনি।
