২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচে গতির রেকর্ড চান কামিন্স

বাংলাদেশের ম্যাচের আগে গতির ঝড় তোলার কথা বললেন প্যাট কামিন্স। ঘন্টায় ১৫৩ কিলোমিটারেরও বেশি জোরে বল করে নিজের রেকর্ড ভাঙ্গার ইচ্ছে অস্ট্রেলিয়ার এই পেসারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 08:07 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

ব্রিসবেনের গ্যাবায় শনিবার স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে চার পেসার নিয়ে খেলার ইঙ্গিত আগেই দেয় অস্ট্রেলিয়া। এবার কামিন্স দিলেন গতির ঝড় তোলার ঘোষণা।

“আমি ঘণ্টায় ১৫৩ কিলোমিটার বেগে বল করেছি। আর হ্যাঁ, আশা করি এর চেয়ে বেশি গতিতে আমি বোলিং করতে পারি।”

সিডনির এসসিজিতে এক ওয়ানডেতে ঘণ্টায় ১৫৩ কিলোমিটার বেগে বল করেন কামিন্স এবং এটাই অস্ট্রেলিয়ার এই ডানহাতি পেসারের ব্যক্তিগত সর্বোচ্চ গতির বল।

চিরশত্রু ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করে অস্ট্রেলিয়া। ওই ম্যাচের সেরা একাদশে ছিলেন না কামিন্স। তবে বাংলাদেশের বিপক্ষের ম্যাচের সেরা একাদশে সুযোগ পেলে তা কাজে লাগাতে চান ২১ বছর বয়সী এই পেসার।

“আমি কেবল জোরে বল করতে চেষ্টা করি। এর অর্থ হচ্ছে, আক্রমণ করা এবং উইকেট নেয়ার চেষ্টা করা, সেটা ম্যাচের শুরু, মাঝপথে কিংবা শেষে হোক না কেন।”

অস্ট্রেলিয়ার চার পেসার নিয়ে খেলার চিন্তার কারণে বাংলাদেশের বিপক্ষে মিচেল জনসন, জস হ্যাজলউড, মিচেল স্ট্যার্ক ও কামিন্সকে এক সঙ্গে দেখা যেতে পারে।

যদি এ চারজনকে নিয়ে অস্ট্রেলিয়ার পেস বোলিং লাইনআপ সাজানো হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেটই দেখা যাবে বলে জানান কামিন্স।

“আমরা আগ্রাসী হওয়ার চেষ্টা করছি। কেননা, আমরা এটাই করি। এটাই আমাদের শক্তি-আমরা চারজন খালি দৌড়ে এসে অনেক গতিতে বল করার চেষ্টা করি।”

অবশ্য প্রবল বৃষ্টিপাতের কারণে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচটি পণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।