২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোসাদ্দেকের ২৫০, আল-আমিনের ১৯৯

জাতীয় ক্রিকেট লিগে রংপুর ও বরিশালের রান বন্যার ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। তবে নিষ্ফল এই ম্যাচেও দ্বিশতক করে দৃষ্টি কেড়েছেন মোসাদ্দেক হোসেন।    

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বৃহস্পতিবার ৪ উইকেটে ৪১৬ রান নিয়ে খেলতে নেমে বৃষ্টি বৃঘ্নিত দিনে শেষ পর্যন্ত ৬৬৮ রান করে অলআউট হয় বরিশাল।

আগের দিনেই শতক করা মোসাদ্দেক ২৫০ রান করে তানভির হায়দারের বলে আউট হন। তার ৪৪৮ বলের ইনিংসটি ২১টি চার ও ৫টি ছক্কায় সাজানো। 

ব্যাট হাতে সাফল্য পেয়েছেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আল-আমিন জুনিয়রও। তবে শেষ পর্যন্ত ১ রানের জন্য দ্বিশতক না করতে পারার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। ২৬৪ বলে ২৬টি চারের সাহায্যে ১৯৯ রান করেন তিনি। 

রংপুরের পক্ষে ৭৯ রানে ৪ উইকেট নেন তানভির হায়দার।

পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৫ রান করে রংপুর। প্রথম ইনিংসে তারা ৯ উইকেটে ৫১৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল।