রাজ্জাকের নৈপুণ্যে খুলনার বিশাল জয়
হার এড়াতে পারল না রাজশাহী বিভাগ। আব্দুর রাজ্জাকের দারুণ বোলিংয়ে ইনিংস ও ১৮৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে খুলনা বিভাগ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শেষ দিনে হার এড়াতে কঠিন লড়াই করতে হতো রাজশাহীকে। কিন্তু ২ উইকেটে ৬১ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুতেই পথ হারায় তারা। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫২ রানে অলআউট হয়ে যায় দলটি।
রাজশাহীর দ্বিতীয় ইনিংস দেড়শর কাছাকাছি বেধে রাখতে ৫২ রানে ৫ উইকেট নেন বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া রাজ্জাক। প্রথম ইনিংসেও দুই উইকেট নিয়েছিলেন তিনি।
৬ উইকেটে ৫৬০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। জবাবে ২২৫ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে রাজশাহী।
