২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানুকার মাঠে লাল-সবুজে উচ্ছ্বাস

চারদিকে উড়ছে বাংলাদেশের পতাকা, জার্সি গায়ে সমর্থকদের উল্লাস; ক্যানবেরায় দিনটি যেন বাংলাদেশেরই হয়ে উঠেছিল। মাঠে নাচে, গানে প্রবাসী বাংলাদেশিরা সমর্থন জানিয়েছেন পুরো দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলুল বারী ক্যানবেরা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 04:45 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

ম্যাচ শুরুর আগেই ক্যানবেরার ম্যানুকা ওভালে জড়ো হতে থাকে বাংলাদেশের সমর্থকরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে মাশরাফি বিন মুর্তজা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলে উল্লাসে ফেটে পড়ে হাজার হাজার সমর্থক।

এদিকে ম্যাচটিকে কেন্দ্র করে উৎসবের রূপ নেয় ক্যানবেরায় স্টেডিয়ামের আশেপাশের গোটা এলাকা। প্রবাসী বাংলাদেশিরা নানান সাজে মাঠে আসেন। স্টেডিয়ামের ফটকসহ নানান জায়গায় অভ্যর্থনার আয়োজন করা হয় কনসার্টের মাধ্যমে ।

ম্যানুকা ওভালের ধারনক্ষমতা ১৩ হাজার ৫০০। ক্যানবেরা সময় দুপুর ১ টার মধ্যে ভরে যায় প্রায় পুরো স্টেডিয়াম। স্টেডিয়ামের দর্শকদের আশি শতাংশের বেশি ছিল প্রবাসী বাংলাদেশি।

সিডনিসহ অস্ট্রেলিয়ার নানা শহর থেকে প্রবাসীরা গাড়ির বহর নিয়ে এসেছেন। বিসিবির পরিচালনা কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাঠে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি খেলোয়াড়দের উজ্জীবিত করছে।"